মন্ত্রীদের সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে: মওদুদ

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সরকারের মন্ত্রিসভার সব সদস্যসহ সকল এমপির সম্পদের হিসাব জনসমক্ষে প্রকাশ করতে হবে।
শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মওদুদ আহমদ বলেন, এই হিসাবটা জনসমক্ষে দিতে হবে। এমপি, মন্ত্রী হওয়ার আগে তাদের সম্পত্তি কত ছিল এবং এখন তাদের সম্পদ কত বেড়েছে? এটা এখন পুরো জাতির দেখা প্রয়োজন।
স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নানা প্ল্যাকার্ড নিয়ে বৃষ্টিতে ভিজে কয়েক হাজার নেতা-কর্মী এতে অংশ নেন।
সাবেক এই আইনমন্ত্রী বলেন, বাংলাদেশ এখন পৃথিবীর এক নম্বর দেশ- যেই দেশে খুব দ্রুত ধনী হওয়া যায়। এই জুয়াড়ি, ক্যাসিনো এবং যারা চোরাকারবারি করে, সরকারের বড় বড় প্রোজেক্টের নামে লুটপাট করে, ব্যাঙ্ক লুটপাট করে এ অবস্থার তৈরি করা হয়েছে।
সংগঠনের সভাপতি শফিউল বারী বাবুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবদুল কাদির ভুঁইয়া জুয়েলের পরিচালনায় কর্মসূচিতে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের মোস্তাফিজুর রহমান, সাইফুল ইসলাম ফিরোজ প্রমুখ বক্তব্য রাখেন।