বিজেপিতে যোগ দিচ্ছেন সানি দেওল!

বলিউড অভিনেতা সানি দেওল বিজেপিতে যোগ দিতে পারেন৷ কয়েকদিন ধরে এমন কানাঘুষো শোনা যাচ্ছিল৷ শনিবার তা আরও জোরালো হলো৷ এদিনই সানি দেওল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন৷ শোনা যাচ্ছে, চলতি লোকসভা নির্বাচনে বলিউড অভিনেতাকে প্রার্থী করার কথা ভাবছে গেরুয়া শিবির৷ এদিন পুনেতে অমিত শাহের সঙ্গে দেখা করেন সানি দেওল৷ সেই সাক্ষাতের একটি ছবিও নেট জগতে ভাইরাল হয়৷ সানির পরনে হলুদ শার্ট ও প্যান্ট আর গাঢ় রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা পড়ে সোফায় বসে অমিত শাহ৷
যদিও এটি নিছকই সৌজন্য সাক্ষাত নাকি কোনও উদ্দেশ্য রয়েছে তা পরিস্কার নয়৷ তবে ভোটের সময় এই ঘটনায় রাজনীতির রঙ লাগতে বেশি দেরি হয়নি৷ অসমর্থিত একটি সূত্র জানিয়েছে, অভিনেতার বিজেপিতে যোগদান নিয়ে অমিত শাহের সঙ্গে কথা হয়েছে৷ তাকে পাঞ্জাবের কোনো এক কেন্দ্র থেকে প্রার্থী করা নিয়ে আলোচনা হয়েছে৷ তবে এই বক্তব্যের সমর্থনে দুই তরফ থেকে কোনো প্রতিক্রিয়া দেওয়া হয়নি৷
ঘায়েল, বর্ডার ও গদর এক প্রেম কথার মতো ছবিতে অভিনয় করে অনেক প্রশংসা কুড়িয়েছেন সানি দেওল৷ তিনি বলিউডের আরও এক জনপ্রিয় অভিনেতা ধর্মেন্দ্রর বড় ছেলে৷ উল্লেখ্য, সানির সৎ মা ও ধর্মেন্দ্রর স্ত্রী হেমা মালিনী বিজেপির বিদায়ী সাংসদ৷ গতবারের মতো এবারও হেমা উত্তরপ্রদেশের মথুরা কেন্দ্রের প্রার্থী হয়েছেন৷
অতীতে বহু বলিউড অভিনেতা ও অভিনেত্রী রূপোলি জগত থেকে রাজনীতির আঙিনায় পা রেখেছেন৷ যেমন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, সুনীল দত্ত, শত্রুঘ্ন সিনহা, রাজ বব্বর, জয়া প্রদা৷ অতি সম্প্রতি বলিউডের রঙিলা গার্ল উর্মিলা মার্তন্ডকর কংগ্রেসে যোগদান করেন৷ তাকে এবার দক্ষিণ মুম্বাইয়ের কেন্দ্র থেকে প্রার্থী করা হয়েছে।