স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২২ মে ২০২১, ২২:১৯
ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ শনিবার (২২ মে)। ২০১৮ সালের এই দিন হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বহুমুখী প্রতিভার অধিকারী তাজিন আহমেদের।
রাজধানীর বনানী কবরস্থানে বাবা কামাল উদ্দিন আহমেদের কবরে চিরনিদ্রায় শায়িত অভিনেত্রী তাজিন আহমেদ। তাজিন নিজেই বাবার কবরের নাম ফলকটি করিয়েছিলেন। সেখানে বাবার নাম ও জন্ম মৃত্যুর তারিখসহ পরম মমতায় লিখিয়েছিলেন, ‘আব্বু আমার’। সেই বাবার কোলেই ঘুমিয়ে রয়েছে কন্যা।
অভিনয়ের পাশাপাশি সাংবাদিকতা করেছেন তাজিন আহমেদ। মঞ্চ নাটকে অভিনয়ের সাথে সাথে পরিচালনা করেও প্রশংসিত হয়েছেন। সেই সাথে করতেন লেখালেখি। ছিলেন ব্যাংকের পাবলিক রিলেশন অফিসারও। তাজিন আহমেদ উপস্থাপনাও করতেন।‘পিপলস রেডিও’তে ‘শহুরে সন্ধ্যা’ নামের একটি লাইভ অনুষ্ঠানের আরজেও ছিলেন। ২০০৪ সালে তিনি নাটক লেখালেখি শুরু করেন। মোট ১২ টি নাটক লেখেন ও পরিচালনা করেন। তার লেখা ও পরিচালনায় তৈরি হয় ‘যাতক’ ও ‘যোগফল’ নামে দুটি নাটক।
টিভি পর্দার এই জনপ্রিয় অভিনেত্রী তাজিন আহমেদের জন্ম নোয়াখালী জেলায়। কামাল আহমেদ এবং দিলারা জলির কন্যা তাজিন। তার ডাক নাম ছিলো জল। ১৯৯২ সালে এইচএসসি পাস করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে ভর্তি হোন। ছাত্রজীবন থেকেই সাংবাদিকতা করেন তিনি। ১৯৯৪ সালে ভোরের কাগজ ও ১৯৯৭ সালে প্রথম আলোতে স্টাফ রিপোর্টার হিসেবে সাংবাদিকতা করেন। ১৩ বছর সাংবাদিকতা করেছেন তাজিন।
মা দিলারা জলি রচিত ও শেখ নিয়ামত আলী পরিচালিত ‘শেষ দেখা শেষ নয়’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তাজিন আহমেদের অভিনয়যাত্রা শুরু হয়েছিল। নাটকটি ১৯৯৬ সালে বিটিভিতে প্রচার হয়েছিল। এরপর তিনি অসংখ্য নাটক-টেলিছবি দর্শকদের উপহার দিয়েছেন।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com