স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১১ আগস্ট ২০২১, ১৮:৫৪
মডেল ফারিয়া মাহবুব পিয়াসার রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তার বিরুদ্ধে গুলশান ও ভাটারা থানায় দায়ের করা মাদক মামলায় এই রিমান্ড নামঞ্জুর করা হয়েছে।
বুধবার (১১ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পৃথকভাবে ভাটারা থানার মাদক মামলায় ৫ দিন ও গুলশান থানার মাদক মামলায় ৫ দিনের রিমান্ডের আবেদন করেন। এ সময় আদালত কোনো রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
পিয়াসাকে এ দিন তিন দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা এ সময় রিমান্ড বাতিল চেয়ে তার জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে জামিনের বিরোধিতা করে রাষ্ট্রপক্ষ। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বাকী বিল্লাহ শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
শুক্রবার (৬ আগস্ট) পিয়াসাকে রিমান্ডে নেয়ার আবেদন মঞ্জুর করেছিলেন আদালত। তাকে গুলশান থানার মামলায় দুই দিন, ভাটারা থানার মামলায় তিন দিন এবং খিলক্ষেত থানায় মামলায় তিন দিন রিমান্ডে নেয়া হয়েছিল।
গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের একটি দল গত ১ আগস্ট রাতে বারিধারায় পিয়াসার বাসায় অভিযান চালায়। তার বাসা থেকে চার প্যাকেট ইয়াবা, ৯ বোতল বিদেশি মদ ও শিসা তৈরির কাঁচামালসহ তাকে আটক করে ডিবি পুলিশ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com