shopner bd
মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩
×

চুরি হলো ‘রেহানা মরিয়ম নূর’, নেওয়া হলো আইনি ব্যবস্থা

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ আগস্ট ২০২১, ১৮:১৬

চুরি হলো ‘রেহানা মরিয়ম নূর’, নেওয়া হলো আইনি ব্যবস্থা

পুরস্কার না জিতলেও বলা যায়, কান জয় করেছে বাংলাদেশি সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। সিনেমাটি সম্প্রতি অংশ নিয়েছে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও। সেখানে গত ১৪ আগস্ট হলো টিকিটের মাধ্যমে অনলাইন স্ক্রিনিং।

সম্প্রতি সিনেমাটি চুরি হয়ে ছড়িয়ে পড়েছে অন্তর্জালে, হয়েছে ভাইরালও। ফেসবুক, ইউটিউব আর গুগল ড্রাইভের মাধ্যমে বুলেটের বেগে ছড়িয়ে পড়েছে ‘রেহানা মরিয়ম নূর’। বাঁধন বললেন, ‘আমি, সাদ, আমরা সবাই ভীষণ আপসেট হয়ে আছি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’

তিনি আরও বলেন, ‘গতকাল সকালে আমি ছবিটির পাইরেটেড লিংক পাই এবং নিশ্চিত হই চুরি হয়ে গেছে আমাদের প্রাণের ছবিটি। কিন্তু কীভাবে হলো আমি তো এসব কম বুঝি। আমি সঙ্গে সঙ্গে আমাদের টিমকে জানাই। বুঝতে পারলাম, তারা আমার আগেই টের পেয়েছে এবং এটিকে থামানোর সর্বোচ্চ চেষ্টা করছে।’

এদিকে, পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের শেষে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট আন্তরিকতা ও সাহস পেয়েছি। তারা এই পাইরেসি রোধে ইতিমধ্যেই মাঠে নেমেছেন। যেসব ইমেইল অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে ছবিটিকে ছড়ানো হচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এখন দরকার মিডিয়ার সবার সহযোগিতা। কারণ, আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি।’

চলমান মেলবোর্ন ফেস্টিভালে সিনেমাটির আরও যে দুটি অনলাইন প্রদর্শনী হবে আজ ও আগামী ২১ আগস্ট- সেগুলোর কি হবে? জানতে চাইলে ‘রেহানা মরিয়ম নূর’ টিম থেকে জানানো হয়, আপাতত সিনেমাটির অনলাইন প্রদর্শনী স্থগিত করা হয়েছে। 

একটি বেসরকারি মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক রেহানা মরিয়ম নূরকে কেন্দ্র করে সিনেমার গল্প। ১ ঘণ্টা ৪৭ মিনিট ব্যাপ্তির সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেন আজমেরী হক বাঁধন। এছাড়া বিভিন্ন চরিত্রে আছেন সাবেরী আলম, আফিয়া জাহিন জায়মা, আফিয়া তাবাসসুম বর্ণ, কাজী সামি হাসান, ইয়াছির আল হক, জোপারি লুই, ফারজানা বীথি, জাহেদ চৌধুরী মিঠু, খুশিয়ারা খুশবু অনি, অভ্রদিত চৌধুরী।

আব্দুল্লাহ মোহাম্মদ সাদের এই সিনেমাটি ৭৪তম কান উৎসবের আঁ সার্তে রিগা বিভাগের জন্য নির্বাচিত হয়। পুরস্কার না জিতলেও সিনেমাটি দারুণ প্রশংসা কুড়ায় উৎসবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।