স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩২
পূজা চেরি। অভিনেত্রী ও মডেল। সম্প্রতি তিনি চিত্রনায়ক শাকিব খানের বিপরীতে 'গলুই' ছবিতে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। এ ছাড়া অভিনয় করছেন বেশ কয়েকটি চলচ্চিত্রে। সাম্প্রতিক ব্যস্ততা ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
প্রথমবারের মতো শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন...
দেখুন, আমরা শিল্পীরা যখন একটি কাজের জন্য চুক্তি করি, তখন প্রযোজনা সংস্থা বা পরিচালকের নির্দেশমতো চলতে হয়। প্রযোজনা সংস্থা যেভাবে বলে, আমাদেরও সেভাবেই চলতে হয়। 'গলুই' সিনেমা নিয়েও আমাদের এখনই কিছু বলতে বারণ করা হয়েছে। তবে ছবিটি নিয়ে আমার সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে। চিত্রনাট্যও পড়েছি। বাকিটা সময় হলেই সবাইকে জানাব।
শাকিব খান আর আপনি একই ছবিতে। এই অসমবয়সী জুটিকে কীভাবে মূল্যায়ন করবেন?
ক্যামেরার সামনে সম বা অসম বলে কিছু নেই। গল্পের প্রয়োজনে যে কেউ যে কারও সঙ্গে অভিনয় করতে পারেন। আমাদের পাশের দেশের দিকে তাকলে দেখবেন- আমির, শাহরুখ, সালমান খানরা যেসব নায়িকার সঙ্গে অভিনয় করছেন, তারা প্রত্যেকেই তাদের অর্ধেকেরও কম বয়সী। এখানে দেখার বিষয় হলো দর্শক সেই জুটিকে কীভাবে নেন।
তার মানে শাকিব খানের বিপরীতে কাজের জন্য মানসিকভাবে প্রস্তুত...
শুধু শাকিব খান নয়, গল্পের প্রয়োজনে সবার সঙ্গে অভিনয় করতে প্রস্তুত আমি। আর বর্তমান সময়ে শাকিব খান ঢাকাই ছবির শীর্ষ তারকা। তার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করা সবার জন্যই সৌভাগ্যের। সেই অর্থে বলতে পারি, আমি নিজেও ভাগ্যবান।
আপনার অভিনীত অন্যান্য ছবির খবর কী?
কিছুদিন আগে ইস্পাহানি আরিফ জাহানের পরিচালনায় এ বছর সরকারি অনুদান পাওয়া 'হূদিতা' ছবির কাজ করছি। এতে আমার সহশিল্পী এ বি এম সুমন। শিগগিরই ছবির একটি গানের চিত্রায়ণ করতে সিলেট যেতে হবে। এই গানের মধ্য দিয়ে শেষ হচ্ছে ছবির দৃশ্যধারণ। এ ছাড়া সৈকত নাসিরের 'ক্যাশ' ছবির কাজ শুরু করব। এতে আমার বিপরীতে আছেন নিরব। একই পরিচালকের 'মাসুদ রানা' ছবির কাজও শুরু করেছি। এই ছবি নির্মিত হচ্ছে কাজী আনোয়ার হোসেনের জনপ্রিয় গোয়েন্দা গল্প মাসুদ রানা সিরিজের 'ধ্বংস পাহাড়' অবলম্বনে। এতে আমায় দেখা যাবে মাসুদ রানার প্রেমিকা সোহানার ভূমিকায়। এ ছাড়া মুক্তির অপেক্ষায় আছে এম এ রাহিমের 'শান'। এতে আমার বিপরীতে আছেন সিয়াম আহমেদ।
শিল্পী সমিতির নির্বাচন ও কর্মকাণ্ড নিয়ে নানা সমালোচনা হচ্ছে। এ বিষয়ে আপনার মন্তব্য কী?
আমি শিল্পী সমিতির সদস্য বা ভোটার এখনও হইনি। তাই এসব বিষয়ে মন্তব্য না করাই ভালো।
এখনও শিল্পী সমিতির সদস্য হননি কেন?
শুরুতে চলচ্চিত্রে শিশু শিল্পী ছিলাম। তখন সমিতির সদস্যপদ পেতে আবেদন করিনি। এরপর যখন নায়িকা হয়ে অভিনয় করছি, তখনও নানা কারণে আবেদন করা হয়নি। যখন মনে হলো করব, তখনই করোনা এলো। ফলে এত দিন আবেদন করা হয়নি। এবার সদস্যের জন্য খুব শিগগির আবেদন করব।
আপনার এ মুহূর্তের ব্যস্ততা কী নিয়ে?
এই এখন যেমন একটি পণ্যের ফটোশুটের জন্য নিজেকে প্রস্তুত করছি। এ ছাড়া তিনটি নতুন কাজের সঙ্গে যুক্ত করেছি। তবে এগুলো নিয়ে আপাতত কথা বলা বারণ।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com