স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ সেপ্টেম্বর ২০২১, ১৭:০৩
বলিউডের প্রখ্যাত পরিচালক বিশাল ভরদ্বাজ। ক্যারিয়ারে তিনি উপহার দিয়েছেন ‘মকবুল’, ‘ইশকিয়া’, ‘কামিনে’, ‘হায়দার’, ‘ওমকারা’র মতো সুপারহিট সিনেমা। সেই বিশাল এবার একটি ওয়েব সিনেমা নির্মাণ করবেন। নাম ‘খুপিয়া’। প্রচার হবে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে। এ জন্য তার দরকার বাংলাদেশি একজন অভিনেত্রী। তার গল্পে বাংলাদেশ নিয়েও কিছু অংশ আছে। তাতে নাকি বাংলাদেশেরই কোনো নায়িকাকে প্রয়োজন।
প্রথমবার তার কাস্টিং ডিরেক্টর বাংলাদেশের নায়িকা বিদ্যা সিনহা মিমকে প্রস্তাব দেন। মিম নাকি তাকে নিষেধ করে দিয়েছেন। এরপর প্রস্তাব যায় নাট্যাভিনেত্রী মেহজাবিন চৌধুরীর কাছে। তিনিও নিষেধ করেছেন। নিষেধ করার পেছনে দু’জনেরই বক্তব্য, গল্পে নাকি বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি। এ কারণে মিম এবং মেহজাবিন বিশাল ভরদ্বাজের সেই প্রস্তাবকে ‘না’ করে দিয়েছেন।
গত কয়েকদিন ধরে এসব খবরই বাংলাদেশের গণমাধ্যমগুলোতে প্রকাশ হয়ে আসছে। মিম ও মেহজাবিন চৌধুরীর ‘প্রস্তাব প্রত্যাখ্যান দাবি’র মধ্যেই এবার কলকাতার একটি গণমাধ্যম প্রকাশ করেছে এ সিনেমায় নাকি এবার অভিনয়ের জন্য বাংলাদেশের আজমেরি হক বাঁধনকে প্রস্তাব করা হয়েছে। একধাপ এগিয়ে তারা লিখেছে, বাঁধন নাকি এরই মধ্যে অডিশনও দিয়েছেন। সেই সূত্র ধরেই বাঁধনের কাছে জানতে চাইলে তিনি বিষয়টি সরাসরি ‘না’ করেননি। বরং বলেছেন, ‘এ সংক্রান্ত কোনো কিছুই আমি এখন বলতে চাইছি না। অনেক প্রস্তাবই আসে। সেগুলো দেখেশুনে এবং সময় হলেই প্রকাশ করব।’
এদিকে ‘খুপিয়া’য় অভিনয় নিয়ে নেটফ্লিক্স কিংবা নির্মাতা বিশাল ভরদ্বাজের তরফ থেকে এখনো ঘোষণা আসেনি। এমনকি বাংলাদেশি কোনো অভিনেত্রীকে প্রস্তাব করা হয়েছে কিনা সে বিষয়েও কোনো মন্তব্য নেই বিশালের। স্বভাবতই প্রশ্ন জাগে, গল্পে বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি, আগের দুই অভিনেত্রী মিম ও মেহজাবিনের এমন অভিযোগ কি সত্যি ছিল? যদি সত্যি হয়, তাহলে বাঁধনের কাছে প্রস্তাব যাওয়ার পর একই গল্পে তিনি কেন অডিশন দিলেন (কলকাতার গণমাধ্যমের সূত্রমতে)? যদি বাঁধনের জন্য গল্পে পরিবর্তন আনা হয় তাহলে মিম কিংবা মেহজাবিনের জন্য কেন সেটি করা হলো না? প্রযোজনা প্রতিষ্ঠানের প্রথম পছন্দতো ওই দু’জন অভিনেত্রীই ছিলেন! এসব কেবলই প্রশ্ন। উত্তর পেতে হলে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com