স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২১ নভেম্বর ২০২১, ১৫:৫৩
শিশুদের উন্নয়নে কাজ করতে পশ্চিম আফ্রিকার দেশ সিয়েরা লিওনে গিয়েছেন অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা। সেখান থেকে গতকাল (২০ নভেম্বর) বিশ্ব শিশু দিবস উপলক্ষে সন্ধ্যায় বাংলা ট্রিবিউনের নতুন লাইভ শো ‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানে যুক্তহন এ অভিনেত্রী।
তবে শুধু সিয়েরা লিওনই নয়, মিথিলার বক্তব্যের অনেকটাজুড়ে থাকলো কলকাতা ও বাংলাদেশ। বললেন চলতি বছরের অন্যতম আলোচিত ঘটনা ইভ্যালি নিয়েও। যেখানে শুভেচ্ছাদূত হিসেবে মাত্র দুই মাসের মতো যুক্ত ছিলেন মিথিলা। তবে নিজের দায়বদ্ধতা থেকেই সেই স্বল্প সময়ের কাজে ক্ষতিগ্রস্তদের প্রতি দুঃখও প্রকাশ করেন তিনি।
বিশেষ এই লাইভ শোয়ের একেবারে শেষ পর্যায়ে সঞ্চালকের একটি প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘আমি ইভ্যালির সঙ্গে মাত্র এক থেকে দুই মাস কাজ করেছি। চলতি বছরের জুলাইয়ে সাইন করি। একটা লাইভ করেছিলাম। এরপর চলে যাই কলকাতা। আর কোনও কার্যক্রমে ছিলাম না। আমি বুঝে উঠার আগেই সব শেষ হয়ে যায়।’
ইভ্যালির বর্তমান পরিস্থিতিতে দুঃখ প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আসলে ভেতরের গল্প জানি না। এমনটাও দেখেছি, বলেছেন তারা উপকৃতও হয়েছেন। আবার অনেকে নাকি প্রতারিতও হয়েছেন। দুই ধরনের গল্পই শুনেছি। আমি খুব অল্প সময় ছিলাম ইভ্যালির সঙ্গে। তবে যদি কেউ প্রতারিত হয়ে থাকেন আমি খুবই দুঃখিত। এটাও ঠিক, একজন আর্টিস্ট বা শুভেচ্ছাদূতের পক্ষে সম্ভব নয়, কোম্পানির ভেতরের খবর আগাম জানার। আমার লাইফে ৫০টির বেশি ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছি। লং টার্ম ছিলাম অনেকের সঙ্গেই। সবার পুরোটা জানা কিন্তু সম্ভব না। কখনও এরকম কিছু হয়নি। শুধু ইভ্যালির ক্ষেত্রেই এমনটা হলো।’
এমন অনেক বিষয় নিয়ে ‘মামানামা– আউট অব দ্য বক্স’ অনুষ্ঠানের পুরো সময়ই সরব থেকেছেন এই তারকা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com