স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৯ ফেব্রুয়ারি ২০২২, ১৭:৫৮
ঢাকাই ছবির দর্শকনন্দিত চিত্রনায়িকা রোজিনা এবার মিশা সওদাগর-জায়েদ খান প্যানেল থেকে কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়ে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। শপথ নেওয়ার আগে গত ১০ ফেব্রুয়ারি সমিতি ই-মেইলের পদত্যাগপত্র পাঠান তিনি, কিন্তু তার পদত্যাগপত্র এখনও সমিতি গ্রহণ করেনি। ফলে এখনো তিনি সমিতির কার্যনির্বাহী সদস্য রয়েছেন এবং এরই মধ্যে পদত্যাগের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।
রোজিনার ভাষ্য, ‘আমি একজন শিল্পী। নিজেদের মধ্যে কাদা ছোঁড়াছুঁড়ি দেখে খুব বিরক্ত হয়ে গিয়েছিলাম। সামান্য এ পদ নিয়ে মামলা পর্যন্ত হলো। এটা আমার পুরো অভিনয় জীবনে দেখিনি। আমি লজ্জায় পদত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছিলাম। পরে ডিপজল ও আলীরাজ ভাইসহ অনেকেই আমাকে বুঝিয়েছেন। তারা বলেছেন আমাকে যোগ্য সম্মান দেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘আমাকে জায়েদ খান বলেছে সিনিয়রদের সব বৈঠকে থাকা লাগবে না। শুধু গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্তের সময় তাদের মতামত নেওয়া হবে। তাও সমিতিতে না আসতে পারলে ফোনে জানালেও চলবে। আমার মনে হয়েছে, তাহলে সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে থাকতে সমস্যা নেই। আমি নতুন করে সিদ্ধান্ত নিয়েছি মেইল উইথ-ড্র করব।’
যদিও বিষয়টি নিয়ে বর্তমান সভাপতি ইলিয়াস কাঞ্চনের কোনো মন্তব্য পাওয়া যায়নি। উল্লেখ্য, এর আগে পদত্যাগের সিদ্ধান্ত জানিয়ে রোজিনা বলেছিলেন, ‘আমার মনে হয় সমিতিতে থাকতে হলে সময় দিতে হয়। কিন্তু আমি সাংস্কৃতিক অঙ্গনের অনেক কিছু নিয়েই ব্যস্ত থাকি। এছাড়া বেশির ভাগ সময় আমি বিদেশে থাকি। দেশে থাকলেও নিজের কাজে ব্যস্ত থাকি। এ জন্য পদত্যাগ করেছি।’
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com