স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৩ মার্চ ২০২২, ১৫:৩০
শোবিজের মিষ্টি মুখ মেহজাবীন চৌধুরী। বছরজুড়েই নাটকের শুটিংয়ে ব্যস্ত সময় পার করেন তিনি। গত কয়েক বছরে বৈচিত্র্যময় চরিত্রে নিপুণ অভিনয় করে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এ অভিনেত্রী।
সম্প্রতি মেরিল-প্রথম আলো পুরস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়েছে। সেখানে ৫টি নাটকের জন্য সেরা টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মনোনীত হয়েছেন মেহজাবীন চৌধুরী। এগুলো হলো- ভিকি জাহেদ পরিচালিত ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম’, ‘ভুলজন্ম’, কাজল আরেফিন অমি পরিচালিত ‘ভাইরাল গার্ল’ ও মাহমুদুর রহমান হিমি পরিচালিত ‘আলো’। এরইমধ্যে শুরু হয়েছে প্রথম পর্বের ভোট। আর তাই অনুরাগীদের কাছে ভোট প্রার্থনা করেছেন মেহজাবীন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ''শুরু হয়ে গেল 'মেরিল-প্রথম আলো পুরষ্কার-২০২১' এর প্রথম পর্বের ভোট। আপনাদের দোয়া এবং ভালোবাসায় গত বছর আমার অভিনীত ৫ টি নাটকের জন্য 'সেরা অভিনেত্রী' ক্যাটাগরিতে নমিনেশন পেয়েছি। আমার অভিনয় যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমাকে পরবর্তী পর্বে নিয়ে যাবে আপনাদেরই ভোট।''
ভোট করার নিয়ম জানিয়ে মেহজাবীন লেখেন, 'ভোট দেয়া যাবে ৩টি পদ্ধতিতে :
১. অনলাইনে প্রথম আলোর ওয়েবসাইটে গিয়ে- https://lm.facebook.com/l.php...
২. প্রথম আলোর পেপারে দেওয়া কুপন কেটে, পূরণ করে৷ সেটি ডাকযোগে কিংবা নিজে গিয়ে প্রথম আলোর অফিসে জমা দিতে পারেন।
৩. এসএমএস এর মাধ্যমে। এসএমএস দেওয়ার নিয়ম: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন MP স্পেস 3g লিখে পাঠিয়ে দিন 22221 নাম্বারে (MP 3g to 22221)। প্রথম পর্বে ভোট দেওয়ার শেষ সময় ২৮ মার্চ, ২০২২।'
অন্যদিকে ‘ব্রাদার অ্যান্ড সিস্টার’ নাটকের জন্য শবনম ফারিয়াও একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছেন। কিন্তু মেহজাবীনের অভিনয় দেখে তার বিপরীতে নিজের জন্য ভোট চাওয়াকে খানিকটা বেমানান মনে করছেন শবনম ফারিয়া। আর সেটি তিনি প্রকাশ্যেই শেয়ার করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন, ''মেহজাবীন অভিনীত 'চিরকাল আজ' নাটকটি দেখার পর, আমি নিজের জন্য কারও কাছেই ভোট চাইতে পারি না! এমন অসাধারণ কাজের জন্য তিনি সমস্ত পুরস্কার ও প্রশংসা পাওয়ার যোগ্য।''
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com