স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ মে ২০২৩, ০০:০১
ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের জনপ্রিয় নায়ক শাকিব খান। চলচ্চিত্র ক্যারিয়ারে আজ ২৪ বছর পার করেছেন এই নায়ক। ১৯৯৯ সালে ‘অনন্ত ভালোবাসা’ সিনেমা দিয়ে ঢালিউডে পথচলা শুরু হয় তার। সেই পথচলা ধরে রেখেছেন এখনো।
এ পর্যন্ত প্রায় ২৪৭টি সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। সবশেষ গত রোজার ঈদে মুক্তি পায় ‘লিডার: আমিই বাংলাদেশ’। শাকিব অভিনীত অন্যান্য সিনেমার মতো এ সিনেমাটিও পেয়েছে হিটের তকমা। প্রথম সিনেমা ‘অনন্ত ভালোবাসা’র মশাল থেকে সবশেষ মুক্তি পাওয়া ছবির নাফিস পর্যন্ত প্রতিটি চরিত্রেই নিজেকে ভাঙার চেষ্টা করেছেন ঢাকাই সিনেমার এই তারকা। গড়েছেন একের পর এক সাফল্যের রেকর্ড।
এপার বাংলার পাশাপাশি ওপার বাংলায়ও নিজের প্রতিভার জানান দিয়েছেন শাকিব। যৌথ প্রযোজনায় তার অভিনীত ‘শিকারি’, ‘নবাব’ দুই বাংলাতেই তুমুল সাড়া ফেলে।
শাকিবের ক্যারিয়ারে টার্নিং পয়েন্ট বলা যায় ২০০৭-০৮ সালকে। এই দুই বছরে তার অভিনীত ২৯টি সিনেমা মুক্তি পায়। এরমধ্যে ছিল ১৫ কোটি টাকা ব্যবসা করা ক্যারিয়ারে অন্যতম সুপারহিট সিনেমা ‘প্রিয়া আমার প্রিয়া’। এরপর ২০০৯ সালে দুই ঈদে ৮টি সিনেমা মুক্তি পায় তার। যে রেকর্ড আজও ঢাকাই সিনেমায় বিরল!
অভিনয় ক্যারিয়ারে চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন এই নায়ক। এছাড়াও তার ঝুড়িতে রয়েছে অসংখ্য সাফল্য।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com