তীব্র ঠাণ্ডার কবলে জাহ্নবী!
প্রথম সিনেমা ধড়কের মুক্তির পর থেকেই একের পর এক ছবির অফার আসছে শ্রীদেবী কন্যা জাহ্নবী কাপুরের হাতে। এই মুহূর্তেও চরম ব্যস্ততায় দিন কাটছে এই নবাগত নায়িকার।
বর্তমানে জাহ্নবী ব্যস্ত তার আগামী ছবি কার্গিল গার্ল সিনেমার শ্যুটিংয়ে। আর এর জন্য পুরো টিমের সঙ্গে তিনি পাড়ি দিয়েছেন জর্জিয়ায়।
হিমশীতল আবহাওয়ায় সোজেসোরে চলছে শ্যুটিং। ইনস্টাগ্রামে স্টোরিজে নিজের একটি ছবি পোস্ট করেছেন জাহ্নবী। গরমের পোশাক এবং শাল জড়িয়ে বাধ্য ছাত্রীর মতোই মেকআপ করতে দেখা যাচ্ছে তাকে।
ভারতের এয়ার ফোর্স পাইলট গুঞ্জন সাক্সেনার জীবনের উপর তৈরি হচ্ছে কার্গিল গার্ল নামের এই ছবি। জাহ্নবী ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অঙ্গদ বেদি এবং পঙ্কজ ত্রিপাঠীকে। এই ছবির প্রথম ভাগের শ্যুটিং হয়েছে লখনৌতে।
জর্জিয়ায় ছবির কাজ সেরে দেশে ফিরে জাহ্নবী শুরু করবেন রুহআফজা সিনেমার শ্যুটিং। এই দুটি ছবি ছাড়াও হাতে রয়েছে করণ জোহরের তাখত এবং দোস্তানা-র সিক্যুয়েল।