ভারতে সম্প্রচার হচ্ছে বিটিভি
আনুষ্ঠানিকভাবে ভারতে সম্প্রচার শুরু করেছে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত টিভি চ্যানেল ‘বাংলাদেশ টেলিভিশন’।
সোমবার বিকেলে রাজধানীর রামপুরাস্থ বিটিভি ভবনে এ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
উদ্বোধনকালে তথ্যমন্ত্রী বলেন, এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। প্রথমবারের মতো বাংলাদেশ টেলিভিশন সম্প্রচার শুরু হলো। দুই দেশের মানুষের সংস্কৃতি খুব কাছাকাছি। বিশেষ করে কলকাতার সঙ্গে নৈকট্য রয়েছে। ভারতে বিটিভির প্রচারের মধ্যে দুই দেশের মধ্যে নৈকট্য আরও বাড়বে।
বিটিভির মহাপরিচালক হারুন অর রশিদ বলেন, সোমবার সকাল সাড়ে ৯টা থেকে ভারতজুড়ে পরীক্ষামূলক সম্প্রচার শুরু হয়েছে। দিনরাত ২৪ ঘণ্টা সম্প্রচার কার্যক্রম চলবে।
তথ্য সচিব আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসান ও বাংলাদেশে ভারতীয় হাই কমিশনার রিভা গাঙ্গুলি।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন- বাংলাদেশ কমিউনিকেশন স্যাটেলাইট কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।