স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৫ জুলাই ২০২১, ০১:৪১
বিশ্বে ফের বাড়ছে করোনা সংক্রমণ। আফ্রিকা থেকে ইউরোপ বা এশিয়া। সব মহাদেশেই পরিস্থিতি আবারও খারাপ হচ্ছে। ইউরোপে গেল এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে ১০ শতাংশ। বিশেষজ্ঞরা বলছেন, আগস্ট নাগাদ পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
বিশ্বে করোনা সংক্রমণের পেরিয়েছে বছর দেড়। সংক্রমণ কমায় আর ভ্যাকসিন পাওয়ায় গেলো কয়েক মাস ধরে অনেকটা নির্ভার হয়ে বিধিনিষেধ থেকে সরে আসতে শুরু করে ইউরোপ-আমেরিকার অনেক দেশ।
এরমধ্যেই গেলো সপ্তাহখানেক ধরে হঠাৎই করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট শঙ্কা বাড়াচ্ছে বিশ্বে। ভারতের এ ভ্যারিয়েন্ট এরইমধ্যে ছড়িয়েছে প্রায় শতাধিক দেশে।
ইউরোপে এক সপ্তাহেই সংক্রমণ বেড়েছে ১০ ভাগ। গেলো কয়েকদিন ধরে রেকর্ড মৃত্যু দেখছে রাশিয়া। যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, পর্তুগাল মতো ইউরোপীয় দেশগুলোতে ফের চোখ রাঙাচ্ছে কোভিড নাইনটিন।
এমন অবস্থায় ইউরোপের দেশগুলোতে করোনার নতুন ঢেউয়ের সতর্কতা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা পরিস্থিতিতে ইউরোর মতো ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজন করায় ইউরোপের সমালোচনায় বিশেষজ্ঞরা।
ডব্লিউএইচও'র ইউরোপীয় মহাসচিব হেন্স ক্লুগ বলেন, 'এখনও ইউরোপের লাখো মানুষ টিকা পায়নি। তবুও সামাজিক দুরত্বের কথা যেন ভুলতে বসেছি আমরা। গেলো সপ্তাহে ইউরোপের ৫৩ দেশেই মোট সংক্রমণ ১০ ভাগ বেড়েছে। আগস্ট নাগাদ পরিস্থিতি আরো খারাপ হবে।'
এশিয়ার দেশগুলোর পরিস্থিতিও দ্রুত অবনতি হচ্ছে। গেলো এপ্রিল-মে জুড়ে ভারত করোনার যে ভয়াবহ রুপ দেখেছে, এখন অনেকটা সেই পরিস্থিতিতে আছে, দক্ষিণ-পূর্বের ইন্দোনেশিয়া। আক্রান্ত আর মৃত্যু তো বাড়ছেই; রয়েছে অক্সিজেনের তীব্র সংকট। হাসপাতালগুলোতে ঠাঁই নেই। কফিনও মিলছে না কোথাও কোথাও। আর থাইল্যান্ডে গেলো একমাসে সংক্রমণ বেড়েছে ৬৯ শতাংশ।
আফ্রিকার অন্তত ২১ দেশে করোনার তৃতীয় ঢেউ চলছে। ইরান, ইরাকের মতো মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও ফের শঙ্কা বাড়াচ্ছে করোনা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com