স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৬ নভেম্বর ২০২১, ১৮:৪০
বিমানবন্দরে কাপড় খুলে তল্লাশির অভিযোগ এনে কাতারের সরকারের বিরুদ্ধে মামলা করেছেন অস্ট্রেলিয়ার ১৩ জন নারী। এক বছর আগের ঘটনার জন্য ইতিমধ্যে অস্ট্রেলিয়া সরকারের কাছে কাতার সরকার ক্ষমা চাইলেও মামলা করেছেন ভুক্তভোগী নারীরা। খবর বিবিসির।
কাতারের দোহা বিমানবন্দরে ২০২০ সালের ২ অক্টোবর আবর্জনার বিনে প্লাস্টিকে মোড়ানো অবস্থায় এক নবজাতক উদ্ধার হয়। এই ঘটনায় সেসময় কাতার এয়ারওয়েজে ভ্রমণ করা দুইজন ব্রিটিশ এবং ১৬ জন অস্ট্রেলীয় নারীকে সন্দেহ করে বিমানবন্দর কর্তৃপক্ষ। তারা ফ্লাইট থেকে নামিয়ে নার্সের তত্ত্বাবধানে খোলা পরিবেশেই ওই নারীদের কাপড় খুলে তল্লাশি চালায়।
ভুক্তভোগীরা অভিযোগ করেন, পাঁচ মিনিট ধরে বিমানবন্দর কর্তৃপক্ষ তাদের পরীক্ষা করেন। তল্লাশিতে সন্দেহজনক কিছু না পাওয়ায় তাদেরকে বিমানে নিয়ে আসা হয়। পরে নিজ দেশে ফিরে ঘটনার বিষয়ে তারা কর্তৃপক্ষকে জানান। তল্লাশির বিষয়ে কিছু না জানিয়েই অনুমতি ছাড়া জোরপূর্বক এই আচরণ করা হয়েছে বলে অভিযোগ করেন তারা।
অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশ এ ঘটনায় কাতারের বিরুদ্ধে তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অস্ট্রেলিয়া সরকারের কাছে ক্ষমা চান কাতারের প্রধানমন্ত্রী খালিদ বিন খলিফা বিন আবদুলআজিজ আল থানি। এমনকি ঘটনায় দায়ী কর্মকর্তাকে চাকরিচ্যুত করে কারাগারে পাঠায় কাতার সরকার।
এতকিছুর পরও মামলা করার কারণ জানতে চাইলে ভুক্তভোগী নারীদের আইনজীবী ড্যামিয়েন স্টারজাকার বলেন, আমার মক্কেলরা যখন কাতার সরকারের কাছে ওই ঘটনার প্রতিবাদ জানিয়েছিলেন তখন কাতার সরকার কোনো উত্তর দেয়নি।
ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার প্রতিশ্রুতি ও ঘটনার জন্য আনুষ্ঠানিকভাবে কাতার সরকারের কাছ থেকে ক্ষমা প্রার্থনা চান বলেও জানান বাদীদের আইনজীবী।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com