স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ২৯ মার্চ ২০২২, ১৫:১১
তুরস্কে মঙ্গলবার (২৯ মার্চ) ফের শান্তি আলোচনায় বসতে সম্মত হয়েছে রাশিয়া ও ইউক্রেন। জানা গেছে, দু’পক্ষই এখন যুদ্ধ শেষ করতে চায়। সম্প্রতি রুশ সেনাবাহিনী জানিয়েছে, তারা এখন শুধু পূর্ব ইউক্রেনের দিকে নজর দিচ্ছে।
মঙ্গলবার ইস্তাম্বুলের স্থানীয় সময় সকাল ১০টায় (বাংলাদেশ সময় দুপুর ১টায়) বৈঠক শুরু হওয়ার কথা। শান্তি আলোচনায় অংশ নিতে এরই মধ্যে তুরস্কে পৌঁছেছেন ইউক্রেনের প্রতিনিধিরা।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, প্রতিরক্ষামন্ত্রী ওলেস্কি রেজনিকোভের নেতৃত্বে ইউক্রেনের প্রতিনিধিদলে আরও রয়েছেন প্রেসিডেন্ট কার্যালয়ের প্রধান মিখাইল পোদোলিয়াক।
কূটনীতিকরা জানিয়েছেন, মস্কো এরই মধ্যে বুঝতে পেরেছে সমগ্র ইউক্রেন তাদের পক্ষে দখল করা সম্ভব নয়। তাই এখন তারা রাজধানী কিয়েভ দখলের লক্ষ্য থেকে সরে এসেছে।
ইউক্রেনের সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, ভ্লাদিমির পুতিন বুঝতে পেরেছেন ‘পুরো ইউক্রেনকে গিলতে পারবেন না, তাই তিনি পূর্ব ও দক্ষিণাঞ্চল এবং দেশটির বাকি অংশের মাঝখানে একটা বিভক্তি রেখা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবেন। ’
তার মতে, রুশ অগ্রাভিযান স্থবির হয়ে পড়ার পর প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের অগ্রাধিকার হচ্ছে ইউক্রেনের পূর্ব ও দক্ষিণাংশ। তিনি যদি এই অঞ্চলটাকে সংযুক্ত করতে পারেন, তাহলে একে ইউক্রেনের বাকি অংশ থেকে আলাদা করে মস্কো-নিয়ন্ত্রিত একটি অঞ্চল সৃষ্টি করতে চেষ্টা করবেন, যা অনেকটা কোরিয়া যুদ্ধের পর যেমন হয়েছিল।
তবে জেনারেল বুদানভ এও বলেন, এরকম কোনো রাষ্ট্র স্থাপনের চেষ্টা টেকসই হবে না। কারণ স্থানীয় জনগণ একে প্রতিহত করবে। এছাড়া তার দেশ শিগগিরই রুশ-অধিকৃত এলাকায় গেরিলা যুদ্ধ শুরু করবে।
তিনি বলেন, রাশিয়ার আসল সমস্যা হচ্ছে পূর্বাঞ্চল ও ক্রিমিয়ার মধ্যে একটি স্থল করিডোর প্রতিষ্ঠা ও চালু রাখা। তবে এতে বাধা হয়ে দাঁড়িয়েছে মারিউপোল, যাকে কোনভাবেই দখলে নিতে পারছে না রাশিয়া।
এদিকে মস্কোর ‘সমঝোতা সূত্র’ বুঝেশুনে সাবধানে এগোতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রুশ হামলায় ইউক্রেনের অনেক শহর এখন ধ্বংসস্তূপ। এক কোটির বেশি মানুষ বাস্তুচ্যুত। তাদের মধ্যে দেশ ছেড়েছেন ৩৮ লাখের বেশি। উভয়পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com