স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৩ এপ্রিল ২০২২, ১৪:২২
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করে দেয়া হয়েছে। আজ রোববার (৩ এপ্রিল) দেশটির জাতীয় পরিষদের ডেপুটি স্পিকার কাশিম খান সুরি তা খারিজ করে দেন। খবর ডনের।
এর আগে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার আসাদ কায়সারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধী দলগুলো। এরপরই আজকের অধিবেশনে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব খারিজ করলেন সুরি। এতে তিনি নিজেই সভাপতিত্ব করেন।
ডেপুটি স্পিকার বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব পাকিস্তান সংবিধানের পঞ্চম অনুচ্ছেদের পরিপন্থী।
অধিবেশন শুরুর পর সংক্ষিপ্ত বক্তব্যে পাকিস্তানের তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী বলেন, সংবিধানের পঞ্চম অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রের প্রতি বিশ্বস্ততা প্রতিটি নাগরিকের মূল দায়িত্ব।
তিনি পুনর্ব্যক্ত করেন, আগেই ইমরান খান দাবি করেছেন; বর্তমান সরকারকে উচ্ছেদের নেপথ্যে রয়েছে বিদেশি ষড়যন্ত্র।
আজই পাকিস্তানের পার্লামেন্টে ইমরান খানের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হওয়ার কথা ছিল। এজন্য বিক্ষোভ, জমায়েত বন্ধ করতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়। কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয় জাতীয় পরিষদের বাইরেও।
ইতোমধ্যে জাতীয় নির্বাচনের জন্য দেশবাসীকে প্রস্তুত হওয়ার আহ্বান জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। সেই সঙ্গে প্রাদেশিক সরকার ভেঙে দেয়ার প্রস্তাব দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, গত ৮ মার্চ পাকিস্তান সংসদের নিম্নকক্ষ জাতীয় পরিষদে ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব উত্থাপন করে বিরোধী দলগুলো। আর ২৮ মার্চ তা আলোচনার জন্য তোলা হয়। বিধি অনুযায়ী, প্রস্তাব উত্থাপনের পর আলোচনা শুরু করতে ন্যূনতম তিন থেকে সর্বোচ্চ সাতদিন সময় নেয়া যায়।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com