চিকিৎসকদের ২৪ ঘণ্টার পর্যবেক্ষণে কাদের

হঠাৎ অসুস্থতার কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি হতে হয়েছে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে। শ্বাসকষ্টজনিত কারণে হাসপাতালে ভর্তির পর তাঁকে বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। চিকিৎসকরা তাঁকে আগামী ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে থাকতে হবে বলে জানিয়েছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল রয়েছে।
আজ শুক্রবার সকাল ১০টার দিকে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে নির্ধারিত সম্পাদকমণ্ডলীর সভার যোগ দিতে যাওয়ার পরপরই তিনি শ্বাসকষ্ট অনুভব করেন। এরপর পৌনে ১১টার দিকে তাকে বিএসএমএমইউতে আনা হয়।
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এ বিষয়ে গণমাধ্যমকর্মীদের বলেন, তাকে সিসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। শ্বাসকষ্ট হয়েছিল। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাই।
হাসপাতালে নেয়ার পর ওবায়দুল কাদেরের শ্বাসকষ্ট কমে গেছে এবং তাঁর রক্তচাপও স্বাভাবিক রয়েছে। তবে আগামী ২৪ ঘণ্টা তাকে কার্ডিওলজি বিভাগের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) পর্যবেক্ষণে রাখা হবে।
হাসপাতালে নেওয়ার পরপরই ওবায়দুল কাদেরের রক্ত পরীক্ষা-ইসিজিসহ বেশকিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। রিপোর্ট হাতে পেয়ে বাকী চিকিৎসা দেওয়া হবে বলেও জানান চিকিৎসকরা।
হাসপাতালে বর্তমানে প্রফেসর আলী আহসান এবং ডা. আবু নছর রিজভীর তত্ত্বাবধানে রয়েছেন তিনি।