ঢাকার কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, গত কয়েক বছরে কিছুটা কমলেও হঠাৎ করে সীমান্তে বাংলাদেশি হত্যা বেড়েছে। জেসিসির আলোচনায় বিষয়টি বাংলাদেশ তুলবে। দুই দেশের যৌথ নদী কমিশনের (জেআরসি) শেষ বৈঠকটি অনুষ্ঠিত হয়েছিল ২০১০ সালের মার্চে। তিস্তা চুক্তি যেমন এক দশক ধরে ঝুলে আছে, সেই সঙ্গে জেআরসির বৈঠকটি ১০ বছর ধরে হয়নি। এমন এক পরিস্থিতিতে জেআরসির বৈঠক আবার আয়োজনের বিষয়টিও বাংলাদেশ তুলতে পরে।
পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন বলেন, রাজনৈতিক ও নিরাপত্তা সহযোগিতা, বাণিজ্য, উন্নয়ন সহযোগিতা, পানিসম্পদ, বিদ্যুৎ ও জ্বালানিতে সহযোগিতা, মানুষে মানুষে যোগাযোগ—এসব বিষয়ে আলোচনা হবে। এ বিষয়গুলোর পাশাপাশি দুই দেশের মধ্যে আকাশপথে সরাসরি যাত্রী পরিবহনের জন্য ‘এয়ার বাবল’ কার্যকরের বিষয়টি চূড়ান্ত করার ব্যাপারে আলোচনা হবে।