স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৪ ফেব্রুয়ারি ২০২১, ১৮:৩১
উচ্চ মাধ্যমিক বা এইচএসসি পরীক্ষার্থীদের মতো এসএসসি পরীক্ষা না নিয়ে অটোপাস দিতে হবে বলে দাবি করে মানববন্ধন করেছে মাধ্যমিক স্কুলের কিছু শিক্ষার্থী।
২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের এই দাবিটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা-সমালোচনা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে মহামারি করোনাভাইরাসের কারণে পরীক্ষা অনুষ্ঠিত না হওয়ায় এবং এইচএসসি পরীক্ষা বাতিল করে তার পরিবর্তে অটোপাসের সিদ্ধান্ত নেয় সরকার। অন্য শ্রেণীর শিক্ষার্থীদেরও পরীক্ষা ছাড়াই পরবর্তী শ্রেণীতে তুলে দেয়ারও সিদ্ধান্ত হয়। এর জের ধরে এবার এসএসসি পরীক্ষার্থীরাও একই দাবি তুলেছেন।
এর আগে শিক্ষামন্ত্রী দীপু মনি জানান, ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা কিছুটা পিছিয়ে জুন মাসে এবং এইচএসসি ও সমমানের পরীক্ষা জুলাই-আগস্ট মাসে নেয়ার পরিকল্পনা করছে সরকার।
এরপর অটোপাসের দাবিতে ২ ফেব্রুয়ারি রাজধানীর ফার্মগেট এলাকায় মানববন্ধন করে শিক্ষার্থীদের একটি দল। এর আগে জানুয়ারিতে প্রেসক্লাবের সামনেও বিক্ষোভ করেছে তারা।
অটোপাসের পক্ষে থাকা শিক্ষার্থীরা তাদের দাবির স্বপক্ষে যুক্তিতে বলেন, কোভিড-১৯ এর কারণে ১১ মাসেরও বেশি সময় স্কুল বন্ধ থাকায় পড়াশোনা করতে না পারায় পরীক্ষায় ভাল ফল করা সম্ভব না। সিলেবাস কমিয়ে আনা হলেও সেটি পুরোপুরি শেষ করা সম্ভব হবে না- যার কারণে অটোপাসের দাবি তোলেন তারা।
এ বিষয়ে শিক্ষাবিদ এবং বিশেষজ্ঞরা বলছেন, এসএসসি পরীক্ষার্থীদের জন্য যদি অটোপাসের সিদ্ধান্ত নেয়া হয় তাহলে সেটি হবে দুর্ভাগ্যজনক।
তারা বলছেন, এইচএসসি পরীক্ষার্থীদের অটোপাস দেয়া হলেও তারা তাদের পুরো দুই বছরের পড়াশোনা এবং পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করেছিল। শুধু পরীক্ষা নেয়াটা সম্ভব হয়নি। তবে এসএসসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে সেটাও হয়নি। যার কারণে ভবিষ্যতে তারা সমস্যায় পড়তে পারেন বলে মত দিচ্ছেন তারা।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com