shopner bd
মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
×

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা: ১০ জঙ্গির মৃত্যুদণ্ড বহাল

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৭ ফেব্রুয়ারি ২০২১, ১৬:৪৫

শেখ হাসিনাকে হত্যাচেষ্টা

গোপালগঞ্জের কোটালীপাড়ায় ৭৬ কেজি ওজনের বোমা পেতে রেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টার মামলায় ১০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।

বুধবার (১৭ ফেব্রুয়ারি) হাইকোর্টের বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ এ আদেশ দেন।

মৃত্যুদপ্রাপ্তরা হলেন- ওয়াসিম আক্তার ওরফে তারেক ওরফে মারফত আলী, রাশেদ ড্রাইভার ওরফে আবুল কালাম ওরফে রাশেদুজ্জামান ওরফে শিমন খান, ইউসুফ ওরফে মোসাহাব মোড়ল ওরফে আবু মুসা হারুন, শেখ ফরিদ ওরফে মাওলানা শওকত ওসমান, হাফেজ জাহাঙ্গীর আলম বদর, মাওলানা আবু বকর ওরফে হাফেজ সেলিম হাওলাদার, হাফেজ মাওলানা ইয়াহিয়া, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই ও মাওলানা আব্দুর রউফ ওরফে আব্দুর রাজ্জাক ওরফে ওমর।

আসামিদের ডেথ রেফারেন্স গ্রহণ এবং আসামিদের আপিল ও জেল আপিল খারিজ করে বুধবার (১৭ ফেব্রুয়ারি) এ রায় দিয়েছেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মো. বদরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ।

এর আগে গত ১ ফেব্রুয়ারি উভয়পক্ষের শুনানি শেষে এই হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রায় ঘোষণার জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ধার্য করে আদেশ দেন। আদালত বলেছিলেন- এ রায় বাংলায় দেবেন। ভাষা আন্দোলনের এই মাসে আদালত রায়টি বাংলায় দেন।

আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন ও ডেপুটি এটর্নি জেনারেল ড. মো. বশির উল্লাহ, সহকারী অ্যাটর্নি জেনারেল এ মোহাম্মদ শাহীন মৃধা।

অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা করে দেশকে নেতৃত্বশূন্য করতে আসামিদের সুদুর-প্রসারী ষড়যন্ত্র প্রমাণিত হয়েছে। ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় ষড়যন্ত্রের কথা আসামি স্বীকার করেছেন। ডেথ রেফারেন্স গ্রহণ ও আসামিদের আপিল খারিজ করে বিচারিক আদালতের দেয়া হাইকোর্টের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখায় সন্তোষ প্রকাশ করেছেন অ্যাটর্নি জেনারেল।

প্রসঙ্গত, ২০০০ সালের ২০ জুলাই গোপালগঞ্জের কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে তাকে হত্যার উদ্দেশ্যে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। শেখ লুৎফর রহমান মহাবিদ্যালয়ের উত্তর পাশের একটি চায়ের দোকানের পেছনে এ বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল বলে তদন্তে উঠে আসে। এ ঘটনায় তৎকালীন কোটালীপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) নূর হোসেন মামলা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।