স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ০৯ মার্চ ২০২১, ১৬:৪৮
এপ্রিল, মে ও জুন মাসে কোভিড-১৯ সংক্রমণ ফের বাড়ার আশঙ্কায় নতুন নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ জন্য তিনি তিনটি নির্দেশনাও দেন সরকারপ্রধান।
মঙ্গলবার (৯ মার্চ) মন্ত্রিসভার বৈঠকে তিনি এ নির্দেশনা দেন। বৈঠক শেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে সভার সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
মন্ত্রিপরিষদ সচিব জানান, করোনা নিয়ে প্রধানমন্ত্রী তিনটি নির্দেশনা দিয়েছেন। সেগুলো হচ্ছে-প্রথমত, যে যেখানেই থাকেন না কেন, করোনার টিকা নেন বা না নেন, সবাই যেন অবশ্যই মাস্ক পরেন। দ্বিতীয়ত, যথাসম্ভব সতর্কতা অবলম্বন করতে হবে এবং তৃতীয়ত, জনসমাগম যেখানে হচ্ছে, সেখানে যেন নির্ধারিতসংখ্যক মানুষ থাকে। কারও যেতে হলে অবশ্যই স্বাস্থ্যবিধি যেন ঠিকমত মানা হয়।
আনোয়ারুল ইসলাম জানান, প্রধানমন্ত্রী বলেছেন, গত বছর করোনাভাইরাসের সংক্রমণ গ্রীষ্মকালেই বেড়েছিল। সুতরাং এ বছর সেটা হবে না, তার কোনও নিশ্চয়তা নেই। বিশেষজ্ঞরাও এপ্রিল, মে ও জুন মাসের ওপর দৃষ্টি দিতে বলেছেন।
তিনি বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, আমরা যেন না ভাবি আমরা খুবই ভালো অবস্থায় (কমফোর্ট জোন) আছি। তবে অন্যান্য দেশের তুলনায় অনেক ভালো আছি।
এক প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব জানান, পরিস্থিতি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com