স্বপ্নের বাংলাদেশ ডেস্ক ১৩ ডিসেম্বর ২০২২, ১১:৫৯
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) আওতাভুক্ত বিভিন্ন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শূন্য পদের তালিকা যাচাই-বাছাই শেষ হয়েছে। মন্ত্রণালয় অনুমোদন দিলেই যেকোনো সময় এই শিক্ষক নিয়োগের গণবিজ্ঞপ্তি জারি করতে পারে এনটিআরসিএ।
এনটিআরসিএর চেয়ারম্যান মো. এনামুল কাদের খান গণমাধ্যমকে বলেছেন, তিন প্রতিষ্ঠান যাচাই-বাছাই করার পর আমরা শূন্য পদের তালিকা পেয়েছি। এগুলো আরও বাছাই করা হতে পারে। এ ছাড়া গণবিজ্ঞপ্তি জারি করার অনুমতি চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমতি চেয়ে চিঠি দেয়া হয়েছে। কিন্তু এখনো মন্ত্রণালয়ের অনুমতি মেলেনি। অনুমোদনের চিঠি পেলেই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
এনটিআরসিএ সূত্রে জানা যায়, এনটিআরসিএ বেসরকারি ও কারিগরি স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে অনলাইনের মাধ্যমে শূন্য পদের তালিকা আহ্বান করেছিল। অনলাইন থেকে পাওয়া সেসব শূন্য পদের তালিকা তারা পাওয়ার পর ওই তালিকা ঠিক আছে কি না, তা যাচাই করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর বেসরকারি স্কুল ও কলেজের শূন্য পদের তালিকা যাচাই করার কাজ করে। মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর ও কারিগরি শিক্ষা অধিদপ্তর নিজ নিজ প্রতিষ্ঠানের শিক্ষকদের শূন্য পদের তালিকা যাচাই-বাছাই করে।
এনটিআরসিএর এক কর্মকর্তা জানিয়েছেন, স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে সব মিলে ৭০ হাজার ৯৫টি শূন্যপদ পাওয়া গেছে। এগুলো আরও যাচাই করার সুযোগ আছে।
এনটিআরসিএর বিজ্ঞপ্তি প্রকাশের পর আবেদন করার ক্ষেত্রে দুই দফায় টাকা নেয়া হয়। একটি হচ্ছে সনদ পাওয়ার জন্য। এ জন্য আবেদনের শুরুতে ৩৫০ টাকা নেয়া হয়। আরেকটি হচ্ছে পরীক্ষায় কৃতকার্য হয়ে সনদ পাওয়ার পর পছন্দের প্রতিষ্ঠানে আবেদন করার সময়। সে সময় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের জন্য ১০০ টাকা করে ফি নেয়া হতো। চাকরিপ্রার্থী যত ইচ্ছা তত শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারতেন। কেউ ৫০টি প্রতিষ্ঠানে আবেদন করলে তাকে দিতে হতো পাঁচ হাজার টাকা।
তবে এবার এনটিআরসিএ সনদ পাওয়ার পর চাকরিপ্রার্থীদের পছন্দের শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদনের নিয়মে কিছুটা বদলের সুপারিশ করা হয়েছে। সে অনুযায়ী এবার একজন প্রার্থী সনদ পাওয়ার পর সর্বোচ্চ ৪০টি শিক্ষাপ্রতিষ্ঠানে আবেদন করতে পারবেন। আগের নিয়মে এ জন্য তার খরচ হওয়ার কথা ছিল চার হাজার টাকা।
কিন্তু এবার তা কমিয়ে এক হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। এখানেই শেষ নয়। আবেদনের নিচে লেখা থাকবে পছন্দের ৪০টি প্রতিষ্ঠানে সুযোগ না পেলে মেধার ভিত্তিতে যদি অন্য কোনো প্রতিষ্ঠানে চাকরির সুযোগ পান, তাহলে যোগ দেবেন কি না? সেখানে প্রার্থী ‘হ্যাঁ’ বা ‘না’ বাছাই করতে পারবেন।
নতুন এ নিয়মকে সাধুবাদ জানিয়েছে এনটিআরসিএর সুপারিশ পাওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরাম।
প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫
মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬
ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯
ইমেইলঃ shwapnerbd@gmail.com