ঢাকার দুই সিটি করপোরেশনে ভোটের কারণে অমর একুশে গ্রন্থমেলা একদিন পিছিয়ে যাচ্ছে। প্রতিবছর ১ ফেব্রুয়ারি গ্রন্থমেলা শুরু হয়। তবে এবছর ওইদিন ঢাকার দুই সিটির নির্বাচন হওয়ার কারণে নির্দিষ্ট দিনে বইমেলা অনুষ্ঠিত হচ্ছে না। ২ ফেব্রুয়ারি বইমেলা উদ্বোধন হবে।
রোববার বইমেলার আয়োজক সংস্থা বাংলা একাডেমির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে বলেন, নির্বাচনের কারণে এক ফেব্রুয়ারির পরিবর্তে ২ তারিখে বিকাল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করবেন।
প্রসঙ্গত, নির্বাচন কমিশন প্রথমে ৩০ জানুয়ারি ঢাকার দুই সিটিতে ভোটের দিন রেখেছিল। তবে ওই দিন সরস্বতী পূজা থাকায় হিন্দু ধর্মাবলম্বীসহ বিভিন্ন মহলের ভোটের তারিখ পেছাতে বাধ্য হয় নির্বাচন কমিশন। ১ ফেব্রুয়ারি ভোটের দিন রেখেছে তারা, এজন্য এসএসসি পরীক্ষাও ১ ফেব্রুয়ারি থেকে দুই দিন পিছিয়ে ৩ ফেব্রুয়ারি শুরু হচ্ছে।