এই নগরীর রাজপথ হতে মানুষেরা আজ উধাও;
রাজপথে আজ দাপিয়ে বেড়ায় করোনা দানব,
চারিদিকে তার আসুরিক বাহুর বিস্তার
নির্বিচারে ভাঙ্গছে ঘাড় আবা্লবৃ্দ্ধবনিতার।
এই নগরীতে আজ মানুষের ভয়ার্ত আর্তনা্দ,
বর্ধমান লাশের মিছিল।
আজ রাজপথে দিনে রাতে নেই কোনো মুখরতা,
নেই কলরোল, শোরগোল কোথাও,
নেই শকট, নেই যানজট।
আজ নগরী জুড়ে প্রেত-নরনারীর উন্মাদ নৃ্ত্য,
তাদের নিঃশব্দ অট্টহাসির ধ্বনি-প্রতিধ্ব্নি।
আজ মসজিদ হতে শঙ্কিত মুয়াজ্জিনের কম্পিত
আযানে ছোটে না দলে দলে মুসল্লীরা;
শূন্য কাতারে দাপায় বিষাক্ত বাতাস।
গীর্জার ঘন্টাধ্বনিও হয়েছে রহি্ত,
বাজে না মন্দিরে শঙ্খ কাঁসর কোনো।
আজ সন্ধ্যায় রুপালি চাঁদ উঠেছে আকাশে,
পূর্ণিমা নয় দূরে;
ওহে চাঁদ, শুনিতে কি পাও দেশে দেশে
মানুষের হাহাকার?
দেখিছো কি চেয়ে দূর হতে লাশের অনন্ত মিছিল?