ফের আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি নূর, সাধারণ সম্পাদক আহকাম
বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের ফের সভাপতি নির্বাচিত হয়েছেন আসাদুজ্জামান নূর এমপি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. আহকাম উল্লাহ। আগামী তিন বছরের জন্য তারা এই দায়িত্ব পালন করবেন।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় শনিবার বিকেলে আবৃত্তি সমন্বয় পরিষদ এর ত্রয়োদশ জাতীয় বার্ষিক কাউন্সিলে তারা পুনঃনির্বাচিত হন। সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী এই কাউন্সিলে সারাদেশের সদস্যভুক্ত ২৮০ সংগঠনের তিনজন করে প্রতিনিধি অংশগ্রহণ করেন।
কাউন্সিলের শুরুতে শোক প্রস্তাব, সাধারণ সম্পাদকের প্রতিবেদন, সদস্যপদ নিয়ে আলোচনা, অর্থ সম্পাদকের প্রতিবেদন, সাধারণ সম্পাদক ও অর্থ সম্পাদকের প্রতিবেদনের উপর আলোচনা, সদস্য সংগঠনের বার্ষিক প্রতিবেদন পেশ, গঠনতন্ত্র সংশোধনী নিয়ে আলোচনা, নতুন কমিটি গঠন ও ভবিষ্যৎ কর্মসূচির পরিকল্পনা উপস্থাপন করা হবে।
এছাড়াও কাউন্সিলে দেশের বিশিষ্ট প্রবীণ তিনজন আবৃত্তিশিল্পী ও সংগঠক আবৃত্তি সমন্বয় পরিষদের কাউন্সিল ও ভবিষ্যত কর্মকাণ্ড নিয়ে আলোচন করেন। তারা হলেন-আশরাফুল আলম, মীর বরকত, ও হাসান আরিফ। কাউন্সিল সভায় সভাপতিত্ব করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর এমপি।