রিয়াদ থেকে দেশে ফেরার প্রত্যাশী বাংলাদেশিদের মাঝে হতাশার ছাপ

সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের হঠাৎ সিদ্ধান্তে দেশে ফেরার প্রত্যাশী অবৈধ বাংলাদেশিদের মাঝে হতাশার ছাপ দেখা দিয়েছে। শর্ত সাপেক্ষে পাওয়া সাধারণ ক্ষমায় দেশে ফেরার প্রত্যাশী প্রবাসী বাংলাদেশিদের মাঝে হঠাৎ দেশে ফেরা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।
সৌদি প্রশাসনের কারণে কূটনৈতিক পাড়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে দেওয়া সেবা কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
এর কারণ হিসেবে তারা জানিয়েছে, রিয়াদের কূটনৈতিক পাড়ায় প্রবাসী বাংলাদেশিদের দেশে ফেরার জন্য প্রয়োজনীয় পেপার সংগ্রহে বেশ জটিলতা দেখা দিয়েছে। মূলত কূটনৈতিক পাড়ায় প্রবেশ করতে হলে যে কাউকেই ইকামা বা অন্য যে কোনও পরিচয় পত্র দিয়ে প্রবেশ করতে হয়, কিন্তু বাংলাদেশি অধিকাংশ প্রবাসীদের কাছে এ ধরনের কোনও পরিচয় পত্র না থাকায় সৃষ্ট জটিলতা নিরসনে দূতাবাস কর্তৃপক্ষ এই সেবাটি তাৎক্ষণিক সমাধানের জন্য প্রবাসী সেবা কেন্দ্রের মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
কিন্তু এতে দেশে ফেরার প্রত্যাশী প্রবাসীদের মাঝে দেখা গেছে বিরূপ প্রতিক্রিয়া। সেবা কেন্দ্রের প্রতি আস্থা সংকটের কারণে অনেকে মনে করছেন এ সেবাটি তারা যথাসময়ে না পেলে অনেকের দেশে ফেরা অনিশ্চিত হয়ে যাবে।
তবে এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর মোহাম্মদ মেহেদী হাসান জানিয়েছেন, প্রবাসীদের এ নিয়ে বিভ্রান্ত হওয়ার সুযোগ নেই, তিনি জানান দূতাবাসের সার্বক্ষণিক তদারকির মাধ্যমে প্রবাসীদের দেশে ফিরতে যাতে কোনও সমস্যা না হয় সে বিষয়ে সর্বোচ্ছ গুরুত্ব দেওয়া হবে।