জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ সৌদি প্রবাসীরা

জেল-জরিমানা ছাড়াই দেশে ফিরতে পারবেন অবৈধ ভাবে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীরা। বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইংয়ের প্রত্যক্ষ সহযোগিতায় বিনা মূল্যে এ বিশেষ প্রত্যাবাসন সুবিধা দিচ্ছে রিয়াদ লেবার অফিস।
তবে শুধু বিভিন্ন কোম্পানিতে কর্মরতরাই এ সুবিধা পাবেন। কর্মস্থল থেকে পলাতক ঘোষিত যেসব শ্রমিকের নামে এখনো কোনো মামলা হয়নি, তাদেরও এ কর্মসূচির আওতায় দেশে ফিরতে দেবে সৌদি সরকার। গত ২২ ডিসেম্বর রিয়াদের এ বিশেষ কর্মসূচি শুরু হয়।
এ প্রসঙ্গে সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের শ্রম কল্যাণ উইং কাউন্সেলর মেহেদী হাসান জানান, অবৈধ প্রবাসীদের জেল-জরিমানা ছাড়া দেশে ফেরাতে বিশেষ প্রত্যাবাসন কর্মসূচি ঘোষণা করেছে সৌদি সরকার। এ প্রোগ্রামের আওতায় সৌদি আরবে কর্মরত সব বাংলাদেশী পড়বে না। সৌদিতে কর্মরত বাংলাদেশীদের মধ্যে যাদের ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, কোম্পানি কোনো কারণে ইকামা নবায়ন করছে না; মূলত তারা এ প্রোগ্রামের আওতায় পড়বেন। একই সঙ্গে যেসব বাংলাদেশী হুরুব অর্থাৎ পলাতক ঘোষিত হয়েছেন; কফিল মারফত তারা এ কর্মসূচির আওতাভুক্ত হবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আবেদনকারীদের পাসপোর্ট এবং ইকামাসহ (ইকামা না থাকলে পাসপোর্টে ভিসার পাতার হুদুদ নাম্বার) দুই সেট কপি নিয়ে ১ জানুয়ারি থেকে শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন সকাল ৬টা থেকে রওদা এলাকায় অবস্থিত রিয়াদ লেবার অফিসে যোগাযোগ করে সেবা নিতে হবে।