
নানা কারণে বেশ কয়েক বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশের শ্রমবাজারের দরজা বন্ধ রয়েছে। অবশেষে সব বাধা পেরিয়ে এ শ্রমবাজার বাংলাদেশিদের জন্য উন্মুক্ত হতে যাচ্ছে।
গত বৃহস্পতিবার শারজাহের একটি অভিজাত হোটেলে দেশটির ‘বাংলাদেশি কমিউনিটি’ আয়োজিত বিদায়ী সংবর্ধনায় রাষ্ট্রদূত ডা. মোহাম্মদ ইমরান এ কথা জানান। বাংলাদেশি শ্রমিকদের জন্য আগের চেয়ে বেশি ওয়ার্ক পারমিট দেয়ারও ইঙ্গিত দেন তিনি।
এসময় তিনি বলেন, আমার পেশাগত কাজের সময়ে এমআরপি পাসপোর্ট এবং আমিরাতের সাধারণ ক্ষমা দুটি বিষয় চ্যালেঞ্জ ছিল। এ দুটিতেই সফল হয়েছি প্রবাসীদের সহযোগিতায়। চলিত বছরে মুজিববর্ষ এবং দুবাই এক্সপো সফল করতে বাংলাদেশিদের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকৌশলী আবু জাফর চৌধুরী। হাজী শফিকুল ইসলাম ও কাজী মোহাম্মদ আলীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কনস্যুলেট জেনারেল দুবাইয়ের কনসাল জেনারেল ইকবাল হোসেন খান, বাংলাদেশ সমিতি দুবাইয়ের আহ্বায়ক অধ্যাপক আব্দুস সবুর, প্রাণীবিদ ড. রেজা খান, কমিউনিটি নেতা আব্দুল আলীম ও আইয়ূব আলী বাবুল।
আরব আমিরাতের বিভিন্ন প্রদেশে বসবাসরত বাংলাদেশি সামাজিক সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় রাষ্ট্রদূতকে।