রিয়াদে এখন থেকে পাসপোর্ট নবায়ন করতে যেতে হবে যেখানে

রিয়াদে আগামী ১ ফেব্রুয়ারি থেকে এমআরপি পাসপোর্ট নবায়ন করতে দূতাবাসের পরিবর্তে প্রবাসীদের যেতে হবে সৌদি পোস্ট ও এক্সপেট্রিয়েট ডিজিটাল সেন্টার (ইডিসি) প্রবাসী সেবা কেন্দ্রের অফিসে।
গতকাল বুধবার রিয়াদ বাংলাদেশ দূতাবাসের সভা কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত গোলাম মসীহ এই তথ্য জানান।
সৌদি আরবের রাষ্ট্রীয় ডাক বিভাগ ‘সৌদি পোস্ট’ এর চৌত্রিশটি ও রিয়াদে অবস্থিত ইডিসির চারটি শাখার মাধ্যমে প্রবাসীরা সহজে পাসপোর্ট নবায়ন সেবা নিতে পারবেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, প্রত্যেক ইডিসিতে সেবা সমূহের সার্ভিস চার্জের তালিকা রাখা আছে। প্রবাসীরা তালিকা দেখে সার্ভিস চার্জ জমা দিয়ে রশিদ সংগ্রহ করতে পারবেন । এবং এই সংক্রান্ত যে কোনও অভিযোগ সরাসরি দূতাবাসে জানাতে পারেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মিশন উপ-প্রধান ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম, হেড চ্যান্সারি ডক্টর ফরিদ উদ্দিন আহমদ, প্রেস উইং সচিব ফখরুল ইসলাম, পাসপোর্ট ও ভিসা উইং এর সচিব কাজী নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- রিয়াদে কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা।
ভিডিও দেখুন...
https://youtu.be/J8cb8sqOS28