সৌদিতে চারদিন ব্যাপী প্রদর্শনী সম্পন্ন, অংশ নেয় বাংলাদেশি প্রতিষ্ঠান

ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট ফোরাম সৌদি আরবের আয়োজনে রিয়াদে চারদিন ব্যাপী প্রদর্শনী সম্পন্ন হয়েছে। বেসরকারি খাতে কর্ম দক্ষ শ্রমিক নিয়োগের জন্য অনুষ্ঠিত হয় এবারের আয়োজন। তৃতীয় বারের মতো আয়োজিত এ প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশের একটি প্রতিষ্ঠান।
সৌদি আরবের রিয়াদ এক্সিবিশন কনভেনশন সেন্টারের ৩ নম্বর হলে শুরু হয় ৪ দিনব্যাপী তৃতীয় রিক্র্যুটমেন্ট অ্যান্ড লেবার সার্ভিস (আরএএলএস) এক্সিবিশন-২০২০। গত ২০ জানুয়ারি শুরু হওয়া এক্সিবিশনটি শেষ হয় ২৩ জানুয়ারি।
এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিয়াদের গভর্নর এবং সৌদি আরবের পূর্বাঞ্চলের ট্যুরিস্ট ডেভেলপমেন্ট কাউন্সিলের প্রধান প্রিন্স ফয়সাল বিন বানদার বিন আব্দুল আজিজ আল সৌদ। বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কল্যাণ কাউন্সিলর মো. মেহেদী হাসানসহ সৌদি সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সৌদি আরবের সব বেসরকারি খাতে দক্ষ কর্মী নিয়োগ ও ব্যক্তিগত উদ্যোগে কাজ করার জন্য স্বতন্ত্র মানবকর্মীদের আকৃষ্ট করার জন্য পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা প্রদানের ওপর জোর দিতেই এ জাতীয় উদ্যোগ বলে জানিয়েছেন আয়োজকরা।
রিক্রুটমেন্ট ফোরাম সৌদি আরব এর আয়োজনে এবারের প্রদর্শনীতে শ্রমশক্তি সংশ্লিষ্ট সৌদি আরবের বৃহৎ ৫০টি এবং অন্যান্য দেশের ২০টি প্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি পর্যায়ের মোট ৭০টি প্রতিষ্ঠান অংশ নেয়। এতে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল।
এই ধরনের আয়োজনের মাধ্যমে জনশক্তি রফতানিকারক এবং জনশক্তি নিয়োগদাতাদের মধ্যে সংযোগ সাধিত হয়। এই জাতীয় আয়োজনে আরও বেশি বাংলাদেশি প্রতিষ্ঠানের অংশ নেয়া উচিত। আগামীদিনে যাতে বাংলাদেশ থেকে আরও বেশি প্রতিষ্ঠান অংশ নিতে পারে সেজন্য প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের মধ্যে বিষয়টি সংশ্লিষ্টদের জানানো হবে বলে জানিয়েছেন বাংলাদেশ দূতাবাস রিয়াদের শ্রম কাউন্সিলর মো. মেহেদী হাসান।
বিদেশে বাংলাদেশের জনশক্তি রফতানিতে মুজিববর্ষে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিকল্পনা বাস্তবায়নে এই জাতীয় প্রদর্শনী গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ভিডিও দেখুন...
https://youtu.be/g0esXcBlBSQ