সৌদিতে এবার নিয়োগকর্তার নিয়ন্ত্রণ থেকে মুক্তি মিলবে কর্মীদের

বিদেশি শ্রমিকদের অধিকার লঙ্ঘন নিয়ে বহু বছরের বিতর্কের কারণে কর্মীদের কাফালা বা স্পন্সরশিপ বাতিল করতে যাচ্ছে সৌদি আরব। সূত্রের বরাত দিয়ে দেশটির সংবাদপত্র সৌদি গেজেট এ তথ্য জানিয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, এই কাফালা ব্যবস্থা বিলুপ্ত হলে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিসহ বিদেশি কর্মীরা নিয়োগকর্তার কঠোর নিয়ন্ত্রণ থেকে মুক্তি পাবেন। তাদের মৌলিক অধিকার সুরক্ষিত হবে।
কাফালা ব্যবস্থা কয়েক দশকের পুরনো ব্যবস্থা। বিদেশি শ্রমিকদের নিয়োগ দিতে এ ব্যবস্থা চালু করা হয়। এসব শ্রমিকের বেশিরভাগই দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের নাগরিক।
এই কাফালা ব্যবস্থায় প্রবাসী কর্মীদেরকে নিয়োগকর্তার নির্দেশে চলতে হয়। এমনকি তাদের অনুমতি ছাড়া সৌদি আরবে আসা-যাওয়া করতে পারে না। এক কথায় নিয়োগকর্তারা শ্রমিকদের ভিসা ও আইনি অবস্থান নিয়ন্ত্রণ করেন। এমনকি তাদের ভবিষ্যৎ কী হবে, সেটাও তারা নির্ধারণ করেন। এই ব্যবস্থা শুধু সৌদি আরব নয়, পুরো উপসাগরীয় দেশগুলোতে প্রচলিত রয়েছে। তবে সম্প্রতি কাতার এই ব্যবস্থায় কিছুটা সংস্কার এনেছে।
সৌদি গেজেটের খবরে বলা হয়েছে, অভিবাসী কর্মীদের অধিকার লঙ্ঘন নিয়ে দীর্ঘদিনের বিতর্কের মুখে কাফালা ব্যবস্থা শিগগিরই বাতিল করতে যাচ্ছে সৌদি আরব কর্তৃপক্ষ। এর ফলে বিদেশি শ্রমিকদের সৌদি আরবে যাওয়া ও সেখান থেকে চলে আসার স্বাধীনতা থাকবে। এক্ষেত্রে তাদের নিয়োগকর্তা বা স্পন্সরের অনুমোদন লাগবে না। এছাড়া সরকারি অনুমোদন ছাড়াই কাজে যোগ দিতে পারবেন শ্রমিকরা।
অবশ্য এর আগে ২০১৭ সালেও সৌদি আরব এ ব্যবস্থা বাতিলের উদ্যোগ নিচ্ছে বলে খবর প্রকাশিত হয়েছিল। কিন্তু কর্তৃপক্ষ তা অস্বীকার করেছিল।
প্রসঙ্গত, সৌদি আরব হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার। বর্তমানে দেশটিতে ২৫ লাখের মতো বাংলাদেশি কর্মরত রয়েছেন। চলতি বছরের প্রথম মাসেই দেশটিতে গেছেন প্রায় ৫২ হাজার বাংলাদেশি কর্মী।