প্রচার বিমুখতার কারণে সুবিধা বঞ্চিত প্রবাসী বাংলাদেশিরা

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সে সচল থাকছে দেশের অর্থনীতির চাকা। সরকারও প্রবাসীদের দিয়েছে বিভিন্ন সুযোগ-সু্বিধা। তবে প্রচারণার অভাবে অনেক প্রবাসী জানেন না তার প্রাপ্য সুবিধাগুলো সম্পর্কে। তাই হাতের নাগালে থাকা সত্ত্বেও বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা।
সম্প্রতি কুয়েতে বাংলাদেশের একটি জাতীয় দৈনিকের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রবাসীদের বিভিন্ন স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলোচনা হয়। সেখানে উঠে আসে প্রবাসীদের জন্য সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা।
সমাবেশে বক্তারা প্রবাসীদের জন্য সরকারের পদক্ষেপগুলো তুলে ধরেন। এর মধ্যে রয়েছে- বাংলাদেশে অধ্যায়নরত প্রবাসীদের মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি ও শিক্ষা সহায়তা। সন্তানদের বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার প্রদান।
প্রবাসে কেউ মৃত্যুবরণ করলে তার পরিবার বিমানবন্দরে লাশ গ্রহণের সময় ৩৫ হাজার টাকা এবং পরবর্তীকালে তিন লাখ টাকা আর্থিক সহায়তা। বাংলাদেশে থাকা প্রবাসীদের সম্পদের সুরক্ষা ও তাদের পরিবারের বিভিন্ন সমস্যা সমাধানে সহযোগিতা করা। পঙ্গু ও অসুস্থ কর্মীদের জন্য বাংলাদেশ বিমানবন্দর অ্যাম্বুলেন্স সহায়তা। কাজ করতে গিয়ে গুরুতর অসুস্থ, আহত বা শারীরিকভাবে অক্ষম হয়ে দেশে ফেরত যেতে এবং চিকিৎসায় সহায়তায় ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান। প্রবাসে মৃত্যু হলে এবং কোম্পানি ও পরিবার লাশ পরিবহনে অক্ষম হলে দেশে লাশ প্রেরণ। এছাড়াও সরকারের বিভিন্ন ঋণ সহায়তা গ্রহণ করতে পারবে প্রবাসীরা।