দুবাইয়ের কর্মসংস্থানে বড় পতন

মধ্যপ্রাচ্যের বাণিজ্য কেন্দ্র দুবাইয়ে কর্মসংস্থানে দশকের সবচেয়ে বড় আকারের পতন হয়েছে। গত জানুয়ারিতে দুবাইয়ের তেলবহির্ভূত বেসরকারি খাতের পরিচালন আয়ে টানা তৃতীয় মাসের মতো পতন হয়েছে বলে জানিয়েছে আইএইচএস মার্কিট।
পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) কমে ৫০ দশমিক ৬ পয়েন্টে দাঁড়িয়েছে, যা প্রবৃদ্ধি ও সংকোচন সীমার কাছাকাছি। পাইকারি, খুচরা ও নির্মাণ খাতের পিএমআইও অপরিবর্তিত রয়েছে বলে জানায় আইএইচএস মার্কিট।
আইএইচএস মার্কিটের অর্থনীতিবিদ ডেভিড ওয়েন বলেন, দুবাইয়ের কর্মসংস্থানে সুস্পষ্ট প্রভাব পড়েছে। ১০ বছরের ইতিহাসে কর্মসংস্থানে যৌথভাবে সর্বোচ্চ পতন হয়েছে। নিকট ভবিষ্যতে এতে বড় কোনও পরিবর্তনের আশা করছে না ব্যবসা প্রতিষ্ঠানগুলো।
দুর্বল চাহিদা ও নেতিবাচক পূর্বাভাসের কারণে ২০১৮ সালের মে মাস থেকেই গড় মূল্যে পতন হচ্ছে। এতে বড় আকারের কর্মী ছাঁটাইয়ে গিয়েছে কোম্পানিগুলো। সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) হাজারো কর্মী ছাঁটাইয়ে নেতৃত্ব দিয়েছে এমিরেটস এনবিডির মতো দুবাইয়ের বৃহত্তম ব্যাংক। ইউএইজুড়ে গত মাসে প্রথমবারের মতো অর্থনৈতিক সংকোচন হয়েছে।
তবে আঞ্চলিক ভূরাজনৈতিক উত্তেজনার কারণে চাপে থাকা দুবাইয়ের ভ্রমণ ও পর্যটন শিল্প জানুয়ারিতে ‘কিছুটা উন্নত হয়েছে’ বলে জানায় আইএইচএস মার্কিট। কিন্তু চীনে সাম্প্রতিক করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে এ খাতে ফের সংকট দেখা দিয়েছে।
সূত্র: ব্লুমবার্গ