সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত বাংলাদেশি সঙ্কটাপন্ন
করোনা ভাইরাস বাংলাদেশে থাবা বসাতে না পারলেও প্রবাসী বাংলাদেশী নাগরিকরা কয়েকটি দেশে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত হয়েছেন পাঁচ বাংলাদেশী। এদের মধ্যে একজনের অবস্থা খুবই সঙ্কটাপন্ন।
সিঙ্গাপুরে করোনায় আক্রান্ত এই বাংলাদেশির অবস্থা ‘খুবই সঙ্কটাপন্ন’ বলে জানায় দেশটির বাংলাদেশ হাইকমিশন। হাইকমিশনকে উদ্ধৃত করে সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
হাইকমিশন বলেছে, ওই রোগীকে ১৪ দিনের জন্য নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেয়া হয়েছে। কোভিড১৯-এ আক্রান্ত হওয়ার আগে তিনি শ্বাসযন্ত্রের সংক্রমণ, কিডনি সমস্যা ও নিউমোনিয়াতে ভুগছিলেন বলে জানিয়েছে কমিশন।
সিঙ্গাপুরে এখনও পর্যন্ত পাঁচ বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়েছেন। তারা সিঙ্গাপুরে শ্রমিক হিসেবে কাজ করেন। এ পাঁচজনের চিকিৎসা ব্যয় বহন করছে সিঙ্গাপুর সরকার। সঙ্কটপন্ন ৩৯ বছর বয়সী এই বাংলাদেশিসহ বাকি চারজনও আইসিইউতে আছেন। তবে আইসিইউতে থাকা এই চারজনের অবস্থাও আশঙ্কজনক।
সিঙ্গাপুরে এ পর্যন্ত মোট ৮৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।