স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত
স্পেনে প্রাণঘাতী করোনা ভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুজন, যশোরের একজন। অপরজনের বাড়ি জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন।
এদিকে ঢাকার দুজন স্বামী-স্ত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
দেশটির রাজধানী মাদ্রিদসহ এরইমধ্যে কারোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে।
এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুমার নামাজও হয়নি।
যানবাহন ও চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
স্পেনে এখন পর্যন্ত করোনা ভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।