shopner bd
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩২
×

আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে থাকা ইতালিফেরতদের বিক্ষোভ

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ১৪ মার্চ ২০২০, ১৯:১৪

ইতালির রোম থেকে ১৪২ জন বাংলাদেশি দুবাই হয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আসেন। সম্ভাব্য করোনা-ভাইরাস সংক্রমণ ঠেকাতে তাদের আশকোনা হজ ক্যাম্প কোয়ারেন্টাইনে নেয়া হয়। কোয়ারেন্টাইনে নেয়া ইতালিফেরতরা বিক্ষোভ ও হট্টগোল করছেন বলে জানা গেছে। অন্যদিকে ক্যাম্পের বাইরে তাদের স্বজনেরাও বিক্ষোভে নেমে পড়েন। তাদের শান্ত করতে আইন-শৃঙ্খলা বাহিনীকে হিমশিম খেতে হয়। ইতালিফেরতদের অভিযোগ, হজ ক্যাম্পে আনার পর তাদের কর্তৃপক্ষ কিছুই বলছে না। শুধু পানি ছাড়া তারা কোনো খাবার পাচ্ছেন না। এ সময় তারা বাড়িতে কোয়ারেন্টাইনে থাকতে চান বলে দাবি তোলেন। এদিকে, শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইন্সটিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা জানান, হজ ক্যাম্পে তাদের স্বাস্থ্য পরীক্ষা করে কারও শরীরেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। প্রাথমিকভাবে কারো দেহে এ ভাইরাস ধরা না পড়লেও তাদের দুই সপ্তাহে কোয়ারেন্টাইনে রাখা হবে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকও সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ইতালিফেরত বাংলাদেশিদের কেউ করোনা ভাইরাসে আক্রান্ত নন। স্বাস্থ্য পরীক্ষায় করোনা ভাইরাস সংক্রমনের কোনো ঝুঁকি দেখা না গেলে তাদের হোম কোয়ারেন্টাইনে রাখা হবে। অন্যদিকে, আইইডিসিআর জানিয়েছে, বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দু’জন আগেই সেরে উঠেছেন। সর্বশেষ বাকি একজনের নমুনা পরীক্ষা করেও করোনা নেগেটিভ এসেছে। আরেকবার পরীক্ষার পর নেগেটিভ এলে তাকে ছেড়ে দেওয়া হবে। এর আগে চীনের উহান থেকে আসা বাংলাদেশিদের হজ ক্যাম্পে কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। কারও মধ্যে ভাইরাস সংক্রমণের লক্ষণ না পেয়ে ১৪ দিন পর তাদের বাড়িতে ফেরার অনুমতি দেওয়া হয়। আড়াই মাস আগে চীনের হুবেই প্রদেশের উহান শহরেই প্রথম নভেল করোনা ভাইরাসের সংক্রমণ ঘটে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।