করোনারভীতিতে সিঙ্গাপুরের জাতীয় নির্বাচনে অনাগ্রহ

সিঙ্গাপুরের আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিরোধী দলগুলোর মধ্যে অনাগ্রহ তৈরি হয়েছে। এর মধ্যে একটি রাজনৈতিক দল ভাইরাস প্রাদুর্ভাবের মধ্যে নির্বাচন অনুষ্ঠানকে দায়িত্বহীনতার পরিচয় বলে উল্লেখ করেছে। খবর রয়টার্স।
এশিয়ার এ নগররাষ্ট্রে ২০২১ সালের শুরুর দিকে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার বাধ্যবাধকতা রয়েছে। চলমান পরিস্থিতির মধ্যেই দেশটি নির্বাচনী এলাকার সীমানা পুনর্মূল্যায়ন করেছে। এ পদক্ষেপকে মূলত দেশটির জাতীয় নির্বাচন অনুষ্ঠানের পূর্ববর্তী ধাপ হিসেবে বিবেচনা করা হয়। এরপর নির্বাচনের আগে প্রচারের বিবিধ কাজ রয়েছে। এ অবস্থায় দেশটির বিরোধী দলগুলো আসন্ন জাতীয় নির্বাচন পেছানোর আহ্বান জানিয়েছে। সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে, ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে যাতে নির্বাচন প্রক্রিয়ার কাজ শুরু না করা হয়। তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, কর্তৃপক্ষের কাছে দুটি সময় বিবেচনায় রাখা হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী লি সিয়েন লং জানিয়েছেন, ভাইরাস পরিস্থিতি স্থিতিশীল হলে মেয়াদ শেষ হওয়ার পর পরই নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে তারা আশাবাদী অথবা ভোট প্রক্রিয়া এগিয়ে আনা যেতে পারে। লি সিয়েনের দল পিপলস অ্যাকশন পার্টি দেশটির স্বাধীনতার পর থেকে শাসনক্ষমতায় অধিষ্ঠিত।
দেশটির বিরোধী দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে, ভাইরাসের প্রাদুর্ভাব প্রশমিত হওয়া পর্যন্ত সরকারের অপেক্ষা করা উচিত। সিঙ্গাপুরে নবগঠিত একটি বিরোধী দল প্রগ্রেস সিঙ্গাপুর পার্টির (পিএসপি) নেতা তান চ্যান বক বলেন, ভোটকেন্দ্রে ভাইরাস সংক্রমণের সম্ভাবনা রয়েছে। এছাড়া নির্বাচনী প্রচারেও ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।