কুয়েতে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় দুতালয় প্রধান, কাউন্সিলার (রাজনৈতিক) মো. আনিসুজ্জামানের পরিচালনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার সকালে দূতাবাস প্রাঙ্গণে এ উপলক্ষ্যে পতাকা উত্তোলন করেন রাষ্ট্রদূত মান্যবর এস এম আবুল কালাম। এরপর রাষ্ট্রদূত জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। কেক কেটে মুজিব শতবর্ষপূর্তি পালন করেন মান্যবর রাস্ট্রদূতসহ দূতাবাসের কর্মচারীরা।
রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, উপপররাষ্ট্রমন্ত্রীর বাণী যথাক্রমে পাঠ করেন- ডিফেন্স এটাসে বিগ্রেডিয়ার জেনারেল আবু নাসের, ১ম সচিব জহিরুল ইসলাম খান, ২য় সচিব নিয়াজ মোর্শেদ ও সোনালী ব্যাংক প্রতিনিধি মোহাম্মদ জাকির হোসেন। এসময় দূতাবাসের কর্মকর্তা ও কর্মচারীরা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহীদ সদস্যদের জন্য দোয়া কামনা করে মোনাজাত করা হয়। দেশ ও জাতির অগ্রগতি কামনা করা হয়।