জেদ্দা কনস্যুলেটে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন
বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দায় অনুষ্ঠিত হয়েছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস। বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা ও সৌদি আরবের করোনা বিস্তার রোধের ব্যবস্থা বিবেচনা করে ঘরোয়াভাবে জন্মবার্ষিকী উদযাপন করা হয়।
মঙ্গলবার অনুষ্ঠানের শুরুতে কনসাল জেনারেল ফয়সল আহমেদ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর পর কনস্যুলেটের কর্মকর্তাদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
দ্বিতীয় পর্বে দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করে শুনান কনস্যুলেটের কর্মকর্তারা। এসময় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর আলোচনায় বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের কর্মের আলোকে বক্তব্য প্রদান করেন কনসাল জেনারেল ফয়সল আহমেদ।