জেদ্দা কনস্যুলেটে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন

যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতার মহান স্থপতি বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস-২০২০ পালন করেছে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল জেদ্দা।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের প্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক এবং স্বাগতিক দেশের করোনা ভাইরাস বিস্তার রোধে প্রতিরোধ ব্যবস্থা বিবেচনা করে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর জন্মশতবার্ষিকী ও জাতীয়শিশু দিবস- ২০২০ ঘরোয়াভাবে কনস্যুলেটের মিডিয়া সেন্টারে যথাযোগ্য মর্যাদায় উদ্যাপন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সাথে কনস্যুলেটের প্রধান ফটকে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র প্রতিকৃতিতে পুস্পস্তবকের মাধ্যমে গভীর শ্রদ্ধা জানান, কনসাল জেনারেল ফয়সল আহমেদ ও কনস্যুলেটের সকল কর্মকর্তা- কর্মচারীবৃন্দ। অতঃপর বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠকরে শোনানো হয়।
এরপর বিশেষ দোয়া করা হয়, দোয়া ও মোনাজাত পর্বে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতির পিতার পরিবারের সদস্য ও মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের উদ্দেশ্যে দোয়া করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা, বাংলাদেশের অব্যাহত উন্নতি ও সমৃদ্ধি এবং করোনা ভাইরাসের সংক্রমণ থেকে বাংলাদেশকে নিরাপদ ও সুরক্ষার বিষয়ে দোয়া ও মোনাজাত করা হয়।
কনসাল জেনারেল ফয়সল আহমেদ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন। তিনি বলেন, আজকের এ মাহেন্দ্রক্ষণে আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাচ্ছি ১৫ আগস্টের শহীদদের প্রতি। স্মরণ করছি জাতীয় চার নেতা এবং মুক্তিযুদ্ধের সব শহীদদের। নির্যাতিত মা-বোন এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি এবং বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও কর্মের উপর আলোকপাত করেন। এরপর বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর বাংলাদেশ ফিল্মস্ এন্ড পাবলিকেশন বিভাগ কর্তৃক প্রযোজিত একটি প্রমান্যচিত্র প্রদর্শন দেখানো হয়।