প্রবাসী শ্রমিকদের আতঙ্কিত না হবার পরামর্শ দিয়েছেন সিঙ্গাপুর সরকার

সিঙ্গাপুরে প্রবাসী শ্রমিকদের লকডাউন সময়কার বেতন দেওয়ার বিষয়ে আস্বস্থ করেছেন সিঙ্গাপুর সরকার। শনিবার ৪ এপ্রিল সন্ধ্যায় সিঙ্গাপুরের সেঞ্চুরিলিয়ান ব্যাঙ্গ পাপান, ৫ জালান পাপান ডরমেটুরি এবং সুংগাইতেঙ্গা লজ ১ ডরমেটুরিতে সিঙ্গাপুরের যোগাযোগ ও তথ্য মন্ত্রী জনাব এস ইসওয়ারান, জাতীয় উন্নয়ন প্রতিমন্ত্রী জ্যাকি মোহাম্মদ, বুকিত বাতক জিআরসির এমপি জনাব মুরালি পিলাই ও বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মোঃ আল আমিন হোসেন সিঙ্গাপুর প্রবাসী শ্রমিকদের করোনা ভাইরাস থেকে নিরাপদে থাকার জন্য পরামর্শ দেন।
যোগাযোগ ও তথ্য মন্ত্রী জনাব এস ইসওয়ারান বলেন, করোনা ভাইরাস একটি মহামারী রোগ, সারাবিশ্ব যে হারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে তা থেকে সিঙ্গাপুরের জনগণকে নিরাপদে রাখতে সিঙ্গাপুর সরকার এক মাসের লকডাউন করেছে। আপনারা যারা প্রবাসী শ্রমিক সিঙ্গাপুরে কাজ করছেন আপনারা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করুন। বেতন ও খাবারের বিষয়ে আপনারা চিন্তা করবেন না। আপনাদের বেতন নিশ্চিত করার জন্য আমরা ইতিমধ্যে কোম্পানির মালিক পক্ষের সাথে কথা বলেছি।
জাতীয় উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব জ্যাকি মোহাম্মদ বলেন, আপনারা লকডাউনের এই সময়টাতে নিজ নিজ বাসস্থানে অবস্থান করুন। অহেতুক বাহিরে ঘুরাফেরা করবেন না, প্রবাসীদের সকল প্রকার সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সিঙ্গাপুর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সিঙ্গাপুর সরকার আপনাদের পাশে আছে।
বাংলাদেশ হাইকমিশনের ওয়েলফেয়ার অফিসার মোঃ আল আমিন হোসেন বলেন, সিঙ্গাপুর প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে বাংলাদেশ হাইকমিশন সর্বদা আপনাদের পাশে আছে। আপনাদের যে কোন সমস্যায় আমাদের অবহিত করবেন, আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেইজে নিয়মিত করোনা ভাইরাস সচেতনতার নির্দেশনাবলী দেওয়া হচ্ছে। আপনারা সিঙ্গাপুর সরকারের নিয়ম কানুন মেনে চলবেন।