সৌদি আরবের বিভিন্ন এলাকায় বসবাসরত বাংলাদেশিদেরকে টেলিফোনে স্বাস্থসেবা সংক্রান্ত পরামর্শ দেয়ার জন্য দূতাবাসের উদ্যোগে মেডিকেল প্যানেল গঠন করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা অনেকেই ঝুঁকির মধ্যে রয়েছেন। সৌদি আরবের সরকারের নেয়া বিভিন্ন কার্যক্রমের কারণে এই ভাইরাসের বিস্তার নিয়ন্ত্রনের মধ্যে রয়েছে। তদুপরি অনেক প্রবাসী বাংলাদেশি এই ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। তাঁদের সহায়তা করার জন্য সৌদি আরবে কর্মরত বাংলাদেশি ডাক্তারদের নিয়ে একটি প্যানেল গঠন করা হয়েছ যারা টেলিফোনে নির্ধারিত সময়ে আপনাদের পরামর্শ প্রদান করবেন।
বাংলাদেশ দূতাবাস রিয়াদের ওয়েবসাইটে দেয়া তথ্যে জানা গেছে যে সকল প্রবাসীরা জ্বর, শুকনো কাশি, দুর্বলতা ও শ্বাসকষ্টে ভুগছেন বা এই ধরণের উপসর্গ রয়েছে তারা নিম্নে প্রদত্ত ডাক্তারদের তালিকা দেখে ও সময় মিলিয়ে টেলিফোনে পরামর্শ গ্রহণ করতে পারবেন।
সেখানে আরও বলা হয়েছে, মনে রাখবেন, আপনার সঠিক সময়ে পরামর্শ গ্রহণ যেমন একদিকে নিশ্চিত করবে আপনার সুচিকিৎসা তেমনি আরেক প্রবাসী ভাইকে মুক্ত রাখবে ভাইরাসের সংক্রমন থেকে।
যে সকল ডাক্তার এই প্যানেলে যুক্ত হতে চান তারাও যোগাযোগ করতে পারবেন বলে জানানো হয়েছে।
সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাস্ট্রদূত বলেন, সৌদি আরবের দুই পবিত্র মসজিদের হেফাজতকারি মহামহিম বাদশাহ সালমান বিন আবদুল আজিজ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ধন্যবাদ জানাই। সৌদি সরকারের নেয়া বিভিন্ন সময়োপযোগী পদক্ষেপের কারণে সৌদি আরবে বসবাসরত অভিবাসী বাংলাদেশিরা ভাইরাসের সংক্রমন থেকে নিরাপদে রয়েছে।
এছাড়া করোনা ভাইরাস আক্রান্ত বৈধ অবৈধ সকল অভিবাসীদের জন্য বিনামুল্লে চিকিৎসা নিশ্চিত করার জন্য মহামিহম বাদশাহকে জানাই অশেষ ধন্যবাদ।
