বাহরাইনে উন্মোচিত হলো প্রবাস বন্ধু কল সেন্টারের স্বাস্থ্য পরামর্শ সেবা

সৌদি আরবের পাশাপাশি বাহরাইন প্রবাসী ২ লক্ষ বাংলাদেশী ভাই-বোনদের জন্য উন্মোচিত হলো প্রবাস বন্ধু কল সেন্টারের স্বাস্থ্য পরামর্শ সেবা।
অনলাইনে সেবাটি উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি; তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি, তিন মন্ত্রণালয়ের সচিবগণ, মান্যবর বাহরাইন রাষ্ট্রদূত, ডিজি মহোদয়গণ, a2i প্রকল্প পরিচালক, পলিসি অ্যাডভাইজর, চিফ স্ট্র্যাটেজিস্ট ই-গভরন্যান্স এবং আরও অনেকে।
উল্লেখ্য, প্রবাস বন্ধুর যাত্রা প্রথম শুরু হয়েছিলো সেই ২০১৬ সালের পহেলা সেপ্টেম্বরে। a2i এবং তৎকালীন প্রবাসী কল্যাণ মন্ত্রীর হাত ধরে। তখন যুক্ত হয়েছিলো তিনটি দেশ। সৌদিআরব, মালয়শিয়া এবং জর্ডান। তারপর বছর দেড়েক চলার পর এটি বন্ধ হয়ে যায়।
কিন্তু আমাদের মান্যবর আইসিটি প্রতিমন্ত্রী জনাব জুনায়েদ আহমেদ পলক ভাইয়ের বলিষ্ঠ নেতৃত্বে এবং ঐকান্তিক প্রচেষ্টার বলে এটি আবার উজ্জীবন লাভ করে গত এপ্রিলে। আকৃতি পায় নতুন রূপে, নতুন অবয়বে। গত মাসে যুক্ত হয়েছে সৌদি আরব, আজ যুক্ত হলো বাহরাইন। আমরা আশা করছি খুব শীঘ্রই যুক্ত হবে মালয়শিয়া, জর্ডান, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং সেই সাথে বাকি দেশগুলোও।
আমাদের প্রবাসী ডাক্তার এবং সকল প্রবাসী বাংলাদেশিদের মাঝে প্রবাস বন্ধু কল সেন্টার এখন একটি সেতুবন্ধন, একটি গেইটওয়ে। প্রযুক্তি দিয়ে পরিচালিত এই প্রবাস বন্ধু কল সেন্টারের এই বন্ধন আরও সমৃদ্ধ হোক, আরও সুদৃঢ় হোক, আরও সম্প্রসারিত হোক। শুধু স্বাস্থ্য সেবাতেই সীমাবদ্ধ থেকে নয় বরং প্রবাসে থাকা আমাদের লক্ষ কোটি প্রবাসী ভাইবোনদের জন্য এই প্রবাস বন্ধু কল সেন্টার আরও নতুন নতুন সেবার দ্বার উন্মোচন করুক- আমরা Synesis IT পরিবার এই আশাবাদ ব্যক্ত করছি আজকের এই মাহেন্দ্রক্ষণে।