জেদ্দায় বাংলাদেশ কমিউনিটির ইফতার ও দোয়া মাহফিল

সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশ কমিউনিটি কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় একটি হোটেলে আয়োজিত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন- বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল এফ এম বোরহান উদ্দিন। এতে প্রধান অতিথির ছিলেন- বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
কাউন্সিলর কে এম সালাউদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশর রাষ্ট্রদূত গোলাম মসিহ্।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের উন্নয়নের লক্ষ্যে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের দূতাবাসগুলোকে আগামী তিন বছরের জন্য পরিকল্পনা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। সেসব দেশ থেকে কী ধরণের সুযোগ-সুবিধা ও বাণিজ্য বিনিয়োগ করা যায় তার তালিকা তৈরি করতে তাদেরকে বলা হয়েছে।
তিনি বলেন, "বিদেশ থেকে বাংলাদেশে আসা প্রবাসীদের হয়রানি বন্ধে বিমানবন্দরে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতোমধ্যে এই কাজ শুরু হয়ে গেছে। সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিনিয়ত মনিটর করা হবে।"
অনুষ্ঠানে সৌদি আরবের জেদ্দা তাইয়েফ, মদিনা থেকে আগত আওয়ামী লীগের অসংখ্য নেতা কর্মী, বিভিন্ন কমিউনিটি নেতৃবৃন্দ ও গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।