লন্ডনে আটকেপড়া ১৫৭ বাংলাদেশি দেশে ফিরেছেন

কোভিড-১৯ মহামারীর মধ্যে লন্ডনে আটকেপড়া ১৫৭ জন বাংলাদেশি দেশে ফিরেছেন। শনিবার রাত পৌনে ১টায় তাদেরকে দুবাই থেকে বিমানের বিশেষ ফ্লাইটে ঢাকায় আনা হয়।
মহামারী থেকে রক্ষা পেতে লকডাউনের মধ্যে সড়ক-নদী ও বিমানপথে যোগাযোগ বন্ধ করে দেয় বিশ্বের বিভিন্ন দেশ। এ কারণে অনেকে বিভিন্ন দেশে আটকা পড়েন। তাদের বিশেষ বিমানে দেশে ফিরিয়ে আনছে বাংলাদেশ। এরই মধ্যে লন্ডন, সৌদি আরব, ব্যাংকক, সিঙ্গাপুর, তুরস্ক, মালদ্বীপ, কুয়েত থেকে বিভিন্ন এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে কয়েক শতাধিক বাংলাদেশি ফিরেছেন।
এর আগে গতকাল শনিবার, সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে আটকেপড়া ৩৯১ বাংলাদেশি নাগরিক বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে দেশে ফিরেছেন। জানা গেছে, দুবাই থেকে দেশে ফেরার পর ৩৯১ জনের সবাইকে হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে।
এর আগে শুক্রবার ইতালির রোম শহরে আটকে পড়া ২৮৭ বাংলাদেশি দেশে ফিরেছেন। তারও আগে ১১ জুন দোহা থেকে বাংলাদেশে আসেন ৪০৯ বাংলাদেশি। ৬ জুন মালদ্বীপ থেকে আসেন ২৬৫ বাংলাদেশি। ৩ জুন কুয়ালালামপুর থেকে ফেরেন ১৪০ বাংলাদেশি, ৩১ মে দুবাই থেকে আসেন ২৬২ বাংলাদেশি।
এদিকে প্রায় তিনমাস বন্ধ থাকার পর আন্তর্জাতিক ফ্লাইট চালু হচ্ছে আগামী ১৬ জুন থেকে। তবে প্রথম পর্যায়ে শুধু লন্ডন ও কাতার রুটে এই সীমিত পরিসরে ফ্লাইট চালু হবে। পরবর্তীকালে ধীরে ধীরে অন্যান্য দেশগুলো নিষেধাজ্ঞা তুলে নিলে সেসব দেশেও ফ্লাইট চালু হবে বলে জানা গেছে।
বিমানবন্দর দিয়ে প্রবাসী বাংলাদেশি ও বিদেশি নাগরিকদের দেশে প্রবেশের ৭২ ঘণ্টা আগে ‘করোনা (কোভিড-১৯) নেগেটিভ’ অর্থাৎ ‘করোনায় আক্রান্ত নন’-এই মর্মে সার্টিফিকেট নিয়ে দেশে ফিরতে হবে।
আগামী ১৬ জুন থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলে কিছুটা শিথিলতা আনা হয়েছে। শুধু যুক্তরাজ্যের লন্ডন ও কাতারে যাবে বাংলাদেশের ফ্লাইট। দেশে প্রবেশের পূর্বশর্ত হিসেবে এই আদেশ জারি করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।