shopner bd
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩২
×

নিউইয়র্ক নির্বাচন: রেকর্ড সংখ্যক বাংলাদেশি প্রার্থী

  স্বপ্নের বাংলাদেশ ডেস্ক    ২২ জুন ২০২০, ১৯:৫৩

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহর জুড়ে প্রতিবাদের মিছিল দেখলে বলার উপায় নেই ক’দিন আগেও এই শহরবাসী করোনাভাইরাসের আতঙ্কে গৃহবন্দী ছিল। বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, জর্জ ফ্লয়েডের হত্যার ঘটনা পাল্টে দিয়েছে দৃশ্যপট, বদলে দিচ্ছে ঘটনার গতিপথ। কোভিড-১৯ আতঙ্ক, বর্ণবাদবিরোধী প্রতিবাদের মিছিল, পাশাপাশি ঘনিয়ে আসা প্রেসিডেন্সিয়াল নির্বাচনি আমেজ- সব মিলিয়ে যুক্তরাষ্ট্র সরগরম। আর এই নির্বাচনী লড়াইয়ে বিভিন্ন পদে শরিক হওয়ার জন্য এবার লড়ছেন সর্বোচ্চ সংখ্যক বাংলাদেশি-আমেরিকান প্রার্থী। জুন মাসের ২৩ তারিখের প্রাইমারিতে নির্ধারিত হবে তাদের মধ্যে কারা নভেম্বরের সাধারণ নির্বাচনে নিজ দলের প্রার্থী হবেন। যুক্তরাষ্ট্রে এখন কয়েক লাখ বাংলাদেশি অভিবাসী রয়েছেন, যার মধ্যে ৮০ থেকে ৯০ হাজার বাংলাদেশি-আমেরিকান বাস করেন নিউইয়র্ক শহরে। নিউইয়র্ক শহরে এখন এই বিপুল সংখ্যক বাংলাদেশি-আমেরিকান থাকা স্বত্ত্বেও সিটি কাউন্সিলে তাদের কোনো সরাসরি প্রতিনিধি নেই। এবার শহর জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন আটজন বাংলাদেশি-আমেরিকান, যা এ পর্যন্ত নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে সর্বোচ্চ সংখ্যক। এখানে বাংলাদেশি কমিউনিটির মধ্যে বিরাজমান বিভেদও বাংলাদেশি-আমেরিকান স্থানীয় রাজনীতিবিদদের জন্য একটা বড় প্রতিবন্ধকতা। এখানেও বাংলাদেশের চিরাচরিত আওয়ামী লীগ-বিএনপি দ্বিদলীয় রাজনৈতিক দ্বন্দ্বের ছায়া। কোনো প্রার্থী বাংলাদেশের রাজনীতিতে নিজের অপছন্দের দলের সমর্থক হলে তাকে অনেক সময় ভোট দেয়া থেকে বিরত থাকেন কমিউনিটির সদস্যরা। এর পাশাপাশি আছে বাংলাদেশি কমিউনিটির ভোট দেয়ার ব্যাপারে উৎসাহের অভাব। এশিয়ান আমেরিকান এ্যান্ড প্যাসিফিক আইল্যান্ডার (এএপিআই)-এর পরিসংখ্যান অনুযায়ী, এশিয়ান আমেরিকানরা তুলনামূলকভাবে ভোট দেন কম। বাংলাদেশি-আমেরিকানদের বিজয়ের ক্ষেত্রে একটি বড় প্রতিবন্ধকতা হচ্ছে অনেক বাংলাদেশি ভোটারের প্রাইমারিতে ভোট দেয়ার যোগ্যতা না থাকা। আইন অনুযায়ী, প্রাইমারিতে ভোট দিতে হলে ভোটারকে সেই দলের রেজিস্টার্ড হতে হবে। নিউইয়র্কে এশিয়ান আমেরিকানদের ৫৯ শতাংশ রেজিস্টার্ড ডেমোক্রেট, ১২ শতাংশ রিপাবলিকান, ২৭ শতাংশের বেশি ভোটার কোনো দলে নথিভুক্ত না। এছাড়া বাংলাদেশি অভিবাসীদের একটা বড় অংশ ভোটারই না। বছরের পর বছর ধরে কষ্টার্জিত অর্থ থেকে ট্যাক্স দেয়ার পরও এদেশের রাজনীতিতে তাদের কোনো কণ্ঠ নেই, কোনো অধিকার নেই। যুক্তরাষ্ট্রের আইন অনুযায়ী, নাগরিক না হওয়া পর্যন্ত কেউ মিউনিসিপাল বা প্রেসিডেন্সিয়াল নির্বাচনে ভোট দিতে পারবে না। সীমিত ফান্ড, নিজেদের কমিউনিটির সচেতনতার অভাব থাকলেও নিজেদের নির্বাচনী অঙ্গীকার নিয়ে এগিয়ে যাচ্ছেন প্রার্থীরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শনি
রোব
সোম
মঙ্গল
বুধ
বৃহ
শুক্র

প্রধান সম্পাদকঃ মোহাম্মদ আবুল বশির
সম্পাদক ও প্রকাশকঃ মনির হোসেন
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ কাওরান বাজার, ঢাকা-১২১৫

মোবাইলঃ +৮৮ ০১৮১৩ - ৮১৮৬৯৬

ফোনঃ +৮৮ ০২ - ৫৫০১৩৯৩৯

ইমেইলঃ shwapnerbd@gmail.com

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৮-২০২১ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।