কুয়েতে নতুন রাষ্ট্রদূত আশিকুজ্জামান

কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল মো. আশিকুজ্জামানকে নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তিনি বর্তমান রাষ্ট্রদূত এসএম আবুল কালামের স্থলাভিষিক্ত হবেন।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
বর্তমানে কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন এসএম আবুল কালাম। প্রায় পাঁচ বছরেরও বেশি সময় ধরে থাকা এই রাষ্ট্রদূতের মেয়াদ শেষ হচ্ছে আগামী ৩১ জুলাই। সম্প্রতি মানবপাচারের অভিযোগে কুয়েতে আটক সাংসদ শহিদুল ইসলাম পাপুলের সঙ্গে তার সম্পৃক্ততার অভিযোগ উঠেছে।
নতুন রাষ্ট্রদূত মেজর জেনারেল আশিকুজ্জামান সেনাবাহিনীতে কমিশন পান ১৯৮৮ সালে। ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডিরেক্টিং স্টাফ (আর্মি) হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।
এর আগে সিয়েরা লিওন, আইভোরি কোস্ট এবং ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালন করেছেন আশিকুজ্জামান।
জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজ এবং স্ট্র্যাটেজিক স্টাডিজে মাস্টার্স ডিগ্রি অর্জন করেছেন তিনি।
মেজর জেনারেল মো. আশিকুজ্জামান বিবাহিত জীবনে দুই পুত্র সন্তানের জনক। কাজের বাইরে তিনি একজন সক্রিয় গলফার এবং শিল্পী।