কুয়েতে সাজাপ্রাপ্ত মানবপাচারকারী নরসিংদীতে গ্রেফতার

কুয়েতে মানব পাচারকারী চক্রের অন্যতম হোতা ও কুয়েতে সাজাপ্রাপ্ত আসামি আমির হোসেন ওরফে সিরাজ উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
বুধবার (১৯ আগস্ট) সিআইডি থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ আগস্ট সিআইডির একটি টিম বিশেষ অভিযান পরিচালনার মাধ্যমে নরসিংদীর মাধবদী থেকে আমীর হোসেন ওরফে সিরাজউদ্দিনকে গ্রেফতার করে। সে কুয়েতে তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত।
সিআইডি জানায়, বিদেশি গোয়েন্দা রিপোর্টে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জানা যায়, চার কুখ্যাত মানব পাচারকারী দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানব পাচার করে আসছিল। এ চক্রের সদস্যদের হাতে নয় শতাধিক নারী ও পুরুষ কুয়েতে পাচারের শিকার হয়েছে। তাদের মধ্যে কয়েকজন ভিকটিম কুয়েতের সরকারি এজেন্সি ও জনশক্তি কর্তৃপক্ষের কাছে অভিযোগ করলে তারা বিষয়টি তদন্ত শুরু করে। চক্রটির বিরুদ্ধে আনা অভিযোগের সত্যতা খুঁজে পায় কুয়েতের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযোগটির নিরিখে কুয়েতের আদালতে বেশ কয়েকটি মামলা দায়ের হয়। পরবর্তী সময়ে এ চক্রের চার সদস্যের (একজন কুয়েতি ও তিনজন বাংলাদেশি) বিরুদ্ধে কুয়েতের আদালত অভিযোগ আমলে নেন।
কুয়েত আদালত মানব পাচারের দায়ে তিন বাংলাদেশিকে তিন বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন। এ চক্রের অন্যতম সদস্য কুয়েতি নাগরিক ছয় বছরের সাজাপ্রাপ্ত হয়ে কুয়েতে কারা ভোগ করলেও সম্পৃক্ত তিন বাংলাদেশি মানব পাচারকারী করোনার মধ্যেই দেশে পালিয়ে আসতে সক্ষম হন। তাদেরই একজন আমির হোসেনকে নরসিংদী থেকে গ্রেফতার করেছে সিআইডি।