নবনিযুক্ত রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর কুটনৈতিক যাত্রা শুরু

সৌদি আরবের নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী গত ২৬ আগস্ট ২০২০ সৌদি পররাষ্ট্রমন্ত্রণালয়ে তাঁর ক্রেডেনশিয়ালের কপি জমা দিয়েছেন। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে এই কপি গ্রহণ করেন ডিপুটি মিনিস্টার ফর প্রটোকলস।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী ক্রেডেনশিয়ালের কপি হস্তান্তরের মধ্য দিয়ে তাঁর কুটনৈতিক যাত্রা শুরু করলেন । এ প্রসঙ্গে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটারে একটি সংবাদও প্রচারিত হয়েছে (কপি সংযুক্ত) ।
নবনিযুক্ত এই রাষ্ট্রদূত, ২০১৮ সালের ২৫ জানুয়ারি তিনি অতিরিক্ত আইজি এসবি থেকে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আইজিপি হিসেবে মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর ১৩ এপ্রিল শেষ দিন ছিল ।
বিসিএস পুলিশের ১৯৮৪ ব্যাচের কর্মকর্তা জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে যোগ দেন ১৯৮৬ সালে। সম্মিলিত মেধা তালিকায় তার অবস্থান চতুর্থ এবং পুলিশের এই ব্যাচে প্রথম।
জাবেদ পাটোয়ারী পুলিশ বাহিনীতে একজন মেধাবী ও পেশাদার কর্মকর্তা হিসেবে পরিচিত। প্রচারবিমুখ ও মৃদুভাষী এ কর্মকর্তা সুনামের সঙ্গে দীর্ঘদিন চাকরি করে আসছেন। এসবির প্রধান হিসেবে বর্তমান পদে একটানা ৯ বছর কর্মরত আছেন। এর আগে ১৯৯৬ থেকে ১৯৯৯ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তিনি এসএস সিটির দায়িত্ব পালন করেন।
চাঁদপুর সদরে তার গ্রামের বাড়ি। বঙ্গবন্ধুর জেলজীবনের ওপর লেখা গ্রন্থ ‘কারাগারে রোজনামচার’ বিভিন্ন তথ্যপ্রমাণ সংগ্রহে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৪৮ থেকে ১৯৭১ সাল পর্যন্ত এসবির রেকর্ড রুমে বঙ্গবন্ধুর বিষয়ে ৬৬ হাজার ক্লাসিফাইড গোয়েন্দা তথ্য সংরক্ষিত আছে। জাবেদ পাটোয়ারী এসবির শীর্ষ পদে আসার পর গুরুত্বপূর্ণ এই দলিলাদি বিশেষভাবে সংরক্ষণে বিশেষ উদ্যোগ নেন।
নতুন এ অভিভাবকের জন্য সৌদি আরবে বসবাসরত প্রায় বাইশ লক্ষ প্রবাসীর পক্ষ থেকে শুভকামনা জানানো হয়। এছাড়াও স্বপ্নের বাংলাদেশসহ দেশের বিভিন্ন গণমাধ্যম নবনিযুক্ত রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারীকে শুভ কামনা জানায়।